• বিকেলের পর ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কলকাতা সহ কোন কোন জেলা ভিজবে?
    আজ তক | ২৬ এপ্রিল ২০২৬
  • ব্যাপক গরমে নাজেহাল কলকাতাবাসী। তবে শুধু শহর কলকাতা নয়, গরমের দাপটে কাহিল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মানুষকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ পেরিয়ে গিয়েছে। এমন অবস্থায় রবিবার স্বস্তির বার্তা। কলকাতা সহ জেলায় জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। কোথায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন।

    কলকাতার আবহাওয়া

    কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
     
    আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

    দক্ষিণবঙ্গে কখন কোথায় বৃষ্টি?

    IMD-এর তরফে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    তবে বিকেলের আগে পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কিছু জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 

    হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

     
  • Link to this news (আজ তক)