দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি, শহরের ২ ব্যবসায়ীর বাড়িতে হানা! সোনা পাপ্পুর সঙ্গে যোগ?
প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে বাইপাসের ধারে আনন্দপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্যদিকে আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি তল্লাশি চলছে বলে খবর পাওয়া গিয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র থাকায় ২ ব্যবসায়ীর বাড়িতে হানা বলে সূত্র মারফত খবর।
জমি দুর্নীতি ও আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর। বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। তারপর থেকে সে পলাতক। তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই ২ ব্যবসায়ীর খোঁজ মিলেছে বলে খবর। এই দুই ব্যবসায়ী আর্থিক দুর্নীতির সঙ্গে কীভাবে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সময় পিস্তল ও নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি।
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ তারিখ। ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে আর্থিক লেনদেনের তদন্ত নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইডি। শুধু সোনা পাপ্পু বা সেই সংক্রান্ত দুর্নীতির তদন্ত নয়, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, সুজিত বোসেকেও ভিন্ন মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে ইডিকে ব্যবহার করছে বিজেপি। তবে রাজ্যের বিরোধী দলের দাবি, ইডি নিজের মতো কাজ করছে। এই আবহে ফের ইডি হানা রাজনৈতিক মহলেও শোরগোল ফেলেছে।