• রেকর্ড গরম এপ্রিলে! উত্তরপ্রদেশ এবং রাজস্থানের তাপমাত্রা পৌঁছতে পারে ৪৮ ডিগ্রিতে, বঙ্গে কত?
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • তাপপ্রবাহে নাজেহাল অবস্থা উত্তর ও পূর্ব ভারতের বাসিন্দাদের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে একাধিক রাজ্যে আরও বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের এপ্রিলে রেকর্ড গরম পড়েছে উত্তর ও পূর্ব ভারতে। এ ছাড়াও, গরমে নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ছত্তিসগড় এবং গুজরাটের। যার জেরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

    উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশ কিছু জেলায় গরমের জেরে নাজেহাল অবস্থা। এপ্রিলের বাকি দিনগুলিতে এই রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা প্রবল। তীব্র গরমে ক্রমশ উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং খোলা আকাশের নীচে কর্মরত কর্মীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, অস্বস্তিকর গরমের পাশাপাশি বাড়বে লু-এর দাপট।

    তাপপ্রবাহের কবলে কেবল রাজস্থান এবং উত্তরপ্রদেশ নয়। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ঝাড়খণ্ডের তাপমাত্রাও ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা প্রবল।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের জেরে বেশ কিছু রাজ্যে আগের সব পুরোনো রেকর্ড ভেঙে যেতে পারে এপ্রিলে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও ঝাড়খণ্ডে এই সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আবহাওয়ার এই ভোলবদল জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সঙ্কেত। যার জেরে গত কয়েক বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল অনেক বেশি তপ্ত।

    তীব্র গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুপুরবেলা খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরমর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও, রোদে বেরোতে হলে মাথা ঢেকে রাখা এবং ছাতা ব্যবহার করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হিটস্ট্রোক বা ডিহাইড্রেশন এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)