দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস এয়ারলাইন্সের একটি বিমানে বড়সড় বিপত্তি। ইঞ্জিন বিকল হয়ে আগুন লাগার জেরে ওই উড়ান বাতিল করতে হয়। জরুরি ভিত্তিতে যাত্রীদের নামানো হয়। এই ঘটনায় ৬ জন যাত্রী আহত হয়েছেন।
রয়টার্স ও টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, LX147 নম্বরের এই ফ্লাইটটি Airbus A330 বিমান। এতে মোট ২৩২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪ জন শিশু। ক্রু সদস্যরাও ছিলেন।
শনিবার গভীর রাতে বিমানটি রানওয়েতে টেক-অফ করছিল। সে সময়ই একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এরপরেই আগুন লাগে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি তখন প্রায় ১০৪ নট গতিতে ছিল।
পরিস্থিতি বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গে টেক-অফ বাতিল করেন। এর পরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও ক্রু-দের এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নামানো হয়। এই সময় ৬ জন যাত্রী আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রু সদস্যরা অক্ষত আছেন।
SWISS এক বিবৃতিতে জানিয়েছে, ‘দিল্লিতে LX147 ফ্লাইটে একটি ঘটনা ঘটেছে। টেক-অফের সময় একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান খালি করে দেওয়া হয়েছে।’
এয়ারলাইন্সের তরফে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে হোটেলে থাকার ব্যবস্থাও করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছে সুইস এয়ারলাইন্স। প্রযুক্তি বিশেষজ্ঞরা দিল্লিতে এসে বিমানটি পরীক্ষা করবেন। কী কারণে এই ত্রুটি ঘটল, তা খতিয়ে দেখা হবে। ঘটনার জেরে সংশ্লিষ্ট রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান সরানোর পরে তা ফের চালু করা হবে।