• আমেদাবাদের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • গুজরাটের আমেদাবাদের একটি কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ও দমকল বাহিনী। তাঁরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বাপুনগর এক্সটেনশন এলাকার সঞ্জয় নগর এলাকার কারখানায় রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

    সূত্রের খবর, ওই কারখানায় প্লাস্টিকের দানা তৈরি হতো। রবিবার সকাল ৯টা নাগাদ কর্মীরাই প্রথমে কারখানার ভিতর থেকে ধোঁয়া বেড় হতে দেখতে পান। এর পরেই আচমকা আগুন লেগে যায় ওই কারখানায়। প্রথমে কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। খবর দেওয়া হয় গোমতীপুর ফায়ার স্টেশনে।

    অতিরিক্ত মুখ্য দমকল আধিকারিক মিহির রানা জানিয়েছেন, কারখানায় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। যার জেরে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    ঠিক কী কারণে ওই কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। তবে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্তমানে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।

  • Link to this news (এই সময়)