অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। যার জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে দ্বিতীয় দফার ভোটে লাইনে দাঁড়িয়ে আর ঘামতে হবে না ভোটারদের।
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিতে পড়তে পারেন পথচলতি সাধারণ মানুষ। তবে বিকেলের পর থেকে শহরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত মোটের উপর স্বস্তিই থাকবে শহর কলকাতায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। তবে রবিবার বিকেলের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা প্রবল।
রবিবার বিকেলের পর থেকে বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমানে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে হতে পারে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টি হলেও বাঁকুড়া ও পুরুলিয়ায় বজায় থাকবে অস্বস্তি। তবে সোমবার থেকে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়াতেও। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বজায় থাকবে বৃষ্টির দাপট।