রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বীজপুর থানার পুলিশ শনিবার রাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দু'টি তাজা বোমা। কাঁচরাপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, এলাকার একটি ফাঁকা মাঠে বালির বস্তার ভিতরে বোমাগুলো লুকিয়ে রাখা ছিল।
বীজপুর থানার পুলিশ এ দিন গোপন সূত্রে খবর পেয়ে ওই ফাঁকা মাঠে তল্লাশি চালায়। পুলিশ বোমা দু'টি উদ্ধার করে যথাযথ স্থানে নিয়ে যায়। ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় আরও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কি না।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। তার পরেও জনবহুল এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
বোমা উদ্ধারের পরে পুলিশি টহল বাড়িয়ে দেওয়া হয়েছে ক্ষুদিরাম কলোনি এলাকায়। কড়া নজর রাখছে কেন্দ্রীয় বাহিনীও। রাজনৈতিক কোনও উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে স্থানীয়দের গুজব না ছড়ানোর এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।