• ২২ কোচের ট্রেনও দাঁড়াবে অনায়াসে, বদলে যাচ্ছে হাওড়া স্টেশন
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে হাওড়া স্টেশনে একাধিক ডেভেলপমেন্টের কাজ করছে পূর্ব রেলওয়ে। বিভিন্ন প্ল্যাটফর্মের গঠনে বদল আনা হচ্ছে। ২২ থেকে ২৪ কোচের মেল ও এক্সপ্রেস ট্রেন সহজে যাতে সমস্ত প্ল্যাটফর্মে ঢুকতে পারে, সে জন্যই এই উদ্যোগ। যাত্রীদের সুবিধা বাড়ানোই এই কাজের মূল উদ্দেশ্য।

    রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ হয়েছে। ১৪ নম্বর প্ল্যাটফর্ম বাড়িয়ে ৫৮১ মিটার করা হয়েছে। ১৫ নম্বর প্ল্যাটফর্ম ৩১২ মিটার থেকে বাড়িয়ে ৫৯১ মিটার করা হয়েছে। এর ফলে বড় দৈর্ঘ্যের ট্রেনও এই সব প্ল্যাটফর্মে ঢুকতে পারবে।

    এ ছাড়া ২৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে ৬৩৫ মিটার করা হয়েছে। তা করতে প্রায় ৩ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও এসেছে বদল। সেই সঙ্গে এই সব প্ল্যাটফর্মে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এর জেরে ১২ কোচের ট্রেনও সহজে দাঁড়াতে পারবে এই সব প্ল্যাটফর্মে।

    পূর্ব রেলের মুখ্য জনসযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এগুলিকে যথাক্রমে প্রায় ৫৪২, ৫৯১ ও ৫৪৭ মিটারের করা হবে। রেলের পরিকল্পনা অনুযায়ী, খুব শিগগিরই ১, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম ২২ কোচের LHB ট্রেন চালানোর জন্য প্রস্তুত হবে। এতে যাত্রা আরও সহজ এবং নিরাপদ হবে।

    রেল জানিয়েছে, পুরোনো ও নতুন কমপ্লেক্সে দু’টি এগজ়িকিউটিভ লাউঞ্জ তৈরি হয়েছে। পাশাপাশি আপার ক্লাস ওয়েটিং হলে ৩ কোটি টাকা খরচ করে দু’টি নতুন লিফট বসানো হয়েছে। এতে প্রবীণ ও শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা হবে।

    শিবরাম মাজি জানিয়েছেন, প্ল্যাটফর্ম বাড়ানো বা নতুন লাউঞ্জ তৈরি যাত্রীদের সুবিধার কথা ভেবেই করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রতিবার আমরা যখন প্ল্যাটফর্ম বৃদ্ধি বা নতুন লাউঞ্জ চালু করি, তখন আমরা যাত্রার শেষ প্রান্তে থাকা মানুষের কথাই ভাবি। আমরা শুধু বিশ্বমানের স্টেশন তৈরি করছি না, হাওড়া স্টেশনকে এমন একটি প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলছি, যা প্রতিটি যাত্রীর স্বপ্নকে সম্মান জানায়।’

    হাওড়া স্টেশন দেশের অন্যতম পুরোনো ও বড় স্টেশন। ১৮৫৪ সালে এই স্টেশনের যাত্রা শুরু। দীর্ঘ ১৭৩ বছরের ইতিহাসে বহুবার এর সম্প্রসারণ হয়েছে। যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এই উন্নয়ন করা হচ্ছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে বড় স্টেশনগুলির ট্রেন পরিচালনার ক্ষমতা দ্বিগুণ করা হবে। সেই লক্ষ্যেই হাওড়ায় এই কাজ চলছে।

  • Link to this news (এই সময়)