• ভোটের দিন কালবৈশাখী, সোমবার থেকেই ব্যাপক বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার আপডেট
    আজ তক | ২৬ এপ্রিল ২০২৬
  • কলকাতায়  ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। এরমাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী
    তীব্র দাবদাহে হাঁসফাঁস দশার মধ্যে  কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। যার ফলে নতুন সপ্তাহে  দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। তবে কোথাও কোথাও গরমের অস্বস্তিও থাকবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আটটি জেলায় আলাদা করে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ১ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে।

    নির্বাচনের দিন আবহাওয়া
    বুধবার দ্বিতীয় দফার নির্বাচনের আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। যার জেরে তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া এই সাত জেলাতেই ২৯ এপ্রিল নির্বাচনের দ্বিতীয় দফার দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার  দুপুরে গরম বাড়লেও বিকেল বা সন্ধেই বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো। 

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা
    রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৯ এপ্রিল এবং ১ মে এই দুদিনও ফের ওপরের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

     মৎস্যজীবীদের জন্য সতর্কতা
    বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে। উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সতর্কবার্তা থাকবে। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    কলকাতা নিয়ে পূর্বাভাস
    কলকাতায় রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে।  এদিন  সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, উ আগামী দু’দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত।
  • Link to this news (আজ তক)