• দ্বিতীয় দফায় অন্য রাজ্য থেকে ১১ নতুন পুলিশ পর্যবেক্ষক
    দৈনিক স্টেটসম্যান | ২৬ এপ্রিল ২০২৬
  • বাংলায় এবার রক্তপাতহীন ভোট করাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। দু’-একটি ছোটখাটো ঘটনা ছাড়া প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিতেই মিটেছে। তবে তাতে কোনও রকম আত্মসন্তুষ্টিতে ভুগতে রাজি নয় কমিশন। তাই দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। ভোটে নজরদারি আরও আঁটোসাঁটো করতেই এই পদক্ষেপ। প্রথম দফার ভোটে যেটুকু অশান্তি হয়েছে, দ্বিতীয় দফায় সেই সম্ভাবনাও দূর করতে মরিয়া নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটে যাতে কোথাও কোনও রকম অশান্তি না হয় তা নিশ্চিত করতেই আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত।

    প্রথম দফার নির্বাচনে বঙ্গে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। যা অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফায় সেই সংখ্যা আরও বাড়ানো হল। একই সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নতুন পুলিশ পর্যবেক্ষকেরা প্রত্যেকেই বাংলার বাইরে থেকে আসছেন। ভিন রাজ্যের এই পুলিশ পর্যবেক্ষকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকেই। কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন পর্যবেক্ষকদের দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও রুট মার্চের তদারকি এবং ভোটের দিন কোনও অভিযোগ এলে দ্রুত রিপোর্ট পাঠানো। পাশাপাশি সংবেদনশীল বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)