• ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের পুলিশের
    দৈনিক স্টেটসম্যান | ২৬ এপ্রিল ২০২৬
  • ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাইকবাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ, কয়েকটি মোটরবাইকে করে দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়িয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিল এবং হুমকিমূলক স্লোগান দিচ্ছিল। বিষয়টি কমিশনের নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও পুলিশকে। রবিবারের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছিল।

    এরপর কমিশনের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ওই হুমকির ঘটনার উল্লেখ রয়েছে। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং ডায়মন্ড হারবার থানায় বাইকবাহিনীর বিরুদ্ধে মামলা রুজু করে। এফআইআরে ভয় দেখানো, হুমকি দেওয়া, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগে কমিশন আরও সতর্ক অবস্থান নিয়েছে, যাতে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ থাকে এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন। প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও, পরবর্তী ধাপগুলিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এর আগেই ডায়মন্ড হারবার এলাকায় দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে কঠোর ব্যবস্থা নেয় কমিশন। অতিরিক্ত পুলিশ সুপার-সহ মোট পাঁচজন আধিকারিককে সাসপেন্ড করা হয় এবং তাঁদের পরিবর্তে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়।

    এদিকে, রবিবার কাকদ্বীপে গিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ অগরওয়াল। সেখানে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিনি স্পষ্ট জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। কোনওভাবেই ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। কমিশন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)