• প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠিতে খুশির হাওয়া, বাংলার ছাত্রছাত্রী ও শিল্পীদের মুখে হাসি
    দৈনিক স্টেটসম্যান | ২৬ এপ্রিল ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি পেয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ও শিল্পীরা। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর সভায় হাতে আঁকা প্রতিকৃতি উপহার দেওয়ার পর তাঁদের উদ্দেশে পাঠানো এই চিঠি ঘিরে খুশির আবহ তৈরি হয়েছে।

    শিলিগুড়ির এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মায়াঙ্ক ঘোষ প্রধানমন্ত্রীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিয়েছিল। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সে জানায়, ‘আমি নিজের মতো করে একটা ছবি এঁকে নিয়ে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী সেটা খুব পছন্দ করেন। তিনি বলেছিলেন, ছবির পিছনে ঠিকানা লিখে দিতে, যাতে চিঠি পাঠানো যায়।’ পরবর্তীতে সত্যিই সেই চিঠি হাতে পেয়ে তার আনন্দের সীমা নেই।

    পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের পড়ুয়া রাহুল বসাকও একইভাবে প্রধানমন্ত্রীর কাছে নিজের আঁকা প্রতিকৃতি তুলে দিয়েছিল। চিঠি পাওয়ার পর সে বলে, ‘আমি সত্যিই ভাগ্যবান। উনি বলেছিলেন উত্তর দেবেন, কিন্তু এত দ্রুত পাব ভাবিনি। এতে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে।’ ছোটবেলা থেকেই ছবি আঁকার চর্চা রয়েছে তার। এই স্বীকৃতি তাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে বলেই মনে করছে রাহুল।

    পূর্বস্থলীর শিল্পী পাপিয়া মণ্ডলও নিজের হাতে আঁকা ছবি উপহার দিয়েছিলেন। তাঁর কথায়, ‘এই স্বীকৃতি আমাকে নতুন করে আঁকার প্রতি আগ্রহী করে তুলেছে। কিছুদিন বিরতি নিয়েছিলাম, কিন্তু এখন আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা পেলাম।’ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃষাগ্নি বন্দ্যোপাধ্যায়ও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি এত ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে আমাদের উত্তর দেবেন। এই চিঠি পেয়ে আমার পরিবারও খুব খুশি।’

    উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে ৯৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল এবং ফল প্রকাশ ৪ মে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)