• কেরালায় বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু কেরালায়। মৃতের নাম আশিক মণ্ডল (২২)। তিনি জলঙ্গি থানা এলাকার সরকার পাড়ার বাসিন্দা। শনিবার রাতে কেরালা থেকে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় আশিকের পরিবারকে। কেরালার ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, আশিককে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কেরালার এর্নাকুলাম জেলার আলুয়া থানার পুলিশ।

    পরিবারের তরফে জানানো হয়েছে, প্রায় তিন বছর আগে আশিক ও তাঁর বাবা জান্নাত মোল্লা কেরালায় কাজে গিয়েছিলেন। বাবা তিরুবনন্তপুরমে কাজ করতেন এবং আশিক আলুয়াতে একটি চায়ের দোকানে কাজ করতেন। সেখানে অসমের এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন আশিক। ওই মহিলা অসমের বাসিন্দা হলেও স্বামীর সঙ্গে কেরালাতেই থাকতেন। একই এলাকায় থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিচয় হয়। দু'জনে একসঙ্গে রিলস বানাতেন বলেও জানা গিয়েছে।

    আশিকের পরিবারের আরও অভিযোগ, সম্পর্কের কথা জানাজানি হওয়ায় মহিলার পরিবারের সদস্যরাই আশিককে খুন করেছে। এর পর প্রমাণ লোপাট করতে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আলুয়া থানার পুলিশ। আশিকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

    বাবা জান্নাত মোল্লা বলেন, ‘ভোটের জন্য আমি ১০ এপ্রিল ট্রেনে ধরে জলঙ্গি ফিরে আসি। আমার সঙ্গে আশিককেও আসতে বলি। কিন্তু ওই মহিলা তাঁকে আসতে নিষেধ করেছিল। পরে ১৮ এপ্রিল ফ্লাইটে করে আশিকের বাড়ি ফেরার কথা ছিল। আর ফেরা হলো না।’

  • Link to this news (এই সময়)