পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন মিটিং-এর অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভায় গিয়ে অভিষেক বলেন, ‘আমি জ্ঞানেশ কুমার এবং অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি—আমাদের দেখা হবে আগামী ৪ তারিখে। আমি ডায়মন্ড হারবারে আমাদের জয়ের ব্যবধান আরও বাড়াব। মগরাহাট পূর্বেও জয়ের ব্যবধান বৃদ্ধি করব। আর এ বার মগরাহাট পশ্চিমে জয়ের ব্যবধানকে আমি এক লাখের কোঠায় নিয়ে যাব। আমি আপনাদের কথা দিচ্ছি।’
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) পোস্ট করে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিয়োয় দেখা যায়, এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষ এবং দীপক হালদার কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে একটি 'গোপন' বৈঠক করছেন। এ দিনের সভায় সেই বৈঠকের বিষয়টি নিয়েই কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন অভিষেক।
তিনি আরও বলেন, ‘ভেবেছিলেন তাঁরা চুপিসারে বৈঠক সেরে ফেলতে পারবেন এবং কেউ টেরও পাবে না। ভেবেছিল ধরা না পড়ে তাঁরা আলাদা ভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির হয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু আমি তো সর্বত্র বিরাজমান…আমি মুখোশ খুলে দিয়েছি।’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে বদলির সিদ্ধান্ত নিয়েও সরব হবে অভিষেক।
তাঁর কথায়, ‘সেই গোপন বৈঠকের ভিডিয়ো আপনারা ইতিমধ্যেই প্রকাশ্যে দেখতে পেয়েছেন। যেই পুলিশ তদন্ত শুরু করেছে, নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, উস্থি থানার ওসি, ডায়মন্ড হারবার থানার ওসি এবং ফলতা থানার আইসি (IC)-কে বদলি করে দিয়েছে। চোরেরা চুরি করে, পুলিশ তাদের ধরে—আর অথচ ব্যবস্থা নেওয়া হয় পুলিশের বিরুদ্ধেই!’