• মুর্শিদাবাদে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৬
  • শ্রেয়সী পাল: রবিবার হঠাৎই শুরু হওয়া ঝড় বৃষ্টির সময়ে বরার গ্রামের একটি বড় বটগাছের তলায় আশ্রয় নিয়ে বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। বর্তমানে তাঁরা কান্দি মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল নাগাদ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃত ব্যক্তিদের নাম সরানম দাস (৪০) এবং সাবিত্রী ঘোষ (৬০)। সরানমবাবুর বাড়ি কল্যাণপুর গ্রামে এবং সাবিত্রী দেবীর বাড়ি বড়ান গ্রামে। 

    রবিবার বিকালে ঝড় বৃষ্টির সময় আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে সাবিত্রী এবং সরানম বরার গ্রামে একটি বড় ব গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেই সময় হঠাৎই প্রচন্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়ে যায়। বজ্রপাতের একটি ঘটনায় গাছের তলায় আশ্রয় নেওয়া চারজন গুরুতর আহত হন । তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সরানম এবং সাবিত্রীদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও দু'জন বর্তমানে গুরুতর আহত অবস্থায় কান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পার্থ মন্ডল নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিত্রীদেবী আজ পরিবারের এক সদস্যর সঙ্গে ডাক্তার দেখানোর জন্য কান্দিতে গিয়েছিলেন। তিনি যখন বাড়ি ফিরে আসছিলেন সেই সময় হঠাৎই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তিনি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেই সময়েই বজ্রপাতের ঘটনাটি ঘটে। 

    অন্যদিকে সরানমবাবু রাজমিস্ত্রি কাজ করেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি গ্রামের আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। বিকালে যখন তিনি বাড়ি ফিরে আসছিলেন সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়। সেই কারণেই সরানমবাবু আরও কয়েকজনের সঙ্গে ওই বটগাছের তলায় আশ্রয় নিয়েছিলেন।  বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনায় দু'জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
  • Link to this news (আজকাল)