সন্তানের অধিকার নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে কুপিয়ে খুন! মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শাশুড়িরও!
প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৬
সপ্তাহ খানিকের দ্বন্দ্বই চরম আকার ধারণ করল। নিজের স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুন করলেন উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা এক যুবক। মেয়ে-বউকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন যুবকের শ্বশুরও। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের প্রেম করে বিয়ে করেন অমিত গুপ্ত ও প্রীতি গুপ্ত । তাঁদের এক সন্তান রয়েছে। পরিবারের লোকেদের দাবি, সম্প্রতি প্রীতি বাপের বাড়িতে যাওয়ার পরে দু’জনের মধ্যে অশান্তি হয়। স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার বদলে অন্য জায়গায় নিয়ে গিয়ে অমিত মারধর করেন বলেও অভিযোগ। এই ঘটনার পর তরুণী আর বরের বাড়িতে যেতে চাননি। গত দশ দিন হল বাপের বাড়িতেই থাকছিলেন তিনি।
শনিবার সকালে শ্বশুরবাড়িতে আসেন অমিত। সন্তানকে চান তিনি। প্রীতি রাজি হননি। অভিযোগ, এর পরেই মেজাজ হারিয়ে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনে করেন যুবক। শাশুড়ি সুশিলা দেবী বাধা দিতে এলে তাঁকেও একইভাবে হত্যা করেন। মেয়ে-বউকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রীতির বাবা অন্তু গুপ্ত। তাঁকে বারাণসীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই মৃতের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে যোগীরাজ্যের পুলিশ। অন্যদিকে অভিযুক্ত অমিত গুপ্ত পলাতক বলে জানা গিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, অভিযুক্তকে গ্রেপ্তারের পরেই জানা যাবে ঠিক কোন কারণে এই জোড় খুন।