• অসুস্থ রোগীর বসার জন্য সিট নেই! সরকারি বাসকে গুনতে হল ৩০,০০০ টাকার মাশুল
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • তিরুবনন্তপুরম, ২৬ এপ্রিল: কেরলের সরকারি বাসে বসার জায়গা নেই অসুস্থ যাত্রীর। যদিও বা বাসে চাপলেন তারপর আবার নামানো হলনা তার গন্তব্যে। এহেন অসুস্থ যাত্রীকে আসন দিতে অস্বীকার করা এবং নির্ধারিত স্টপেজে নামতে না দেওয়ার অভিযোগে কেরল রাজ্য পরিবহন সংস্থাকে গুনতে হল ৩০০০০ টাকার মাশুল। 

    অভিযোগকারী থোট্টাশেরিয়ারা এলাকার বাসিন্দা। নাম মোহাম্মদ জাইনুদ্দিন কোরমাথ। তিনি ত্রিশূরের আম্বাল্লুর থেকে মালাপ্পুরমের কলাপ্পুরমগামী একটি সরকারি বাসে ওঠেন। বাসে ওঠার পর তিনি দেখেন কোনও সিট খালি নেই। নিজের শারীরিক অসুস্থতার কথা কন্ডাক্টরকে জানান তিনি। তাঁকে আশ্বাস দেওয়া হয় যে ত্রিশূরে পৌঁছালে একটি আসন পাওয়া যাবে। ত্রিশূরে কিছু আসন খালি হলে তিনি একটি আসনে বসেন। কিন্তু পরে অন্য এক যাত্রী সেই আসনটি সংরক্ষিত বলে দাবি করলে কন্ডাক্টর তাঁকে আসন ছাড়তে বলেন। ফলে অন্য কোনও আসন না থাকায় তাঁকে বাকি পথ দাঁড়িয়ে যেতে হয়। আরও অভিযোগ, তাঁকে নির্ধারিত স্টপেজ কাক্কাডে নামানো হয়নি। এরপর পরিবহন সংস্থার ওই বাসটির বিরুদ্ধে মালাপ্পুরম জেলা ভোক্তা কমিশনে একটি অভিযোগ করেন যাত্রীটি। অভিযোগের ভিত্তিতে কমিশন জানায়, সংরক্ষিত আসন সম্পর্কে আগে থেকে অবগত না করা এবং নির্ধারিত স্টপেজে নামতে না দেওয়া সম্পূর্ণ পরিষেবার ত্রুটি। কমিশনের সভাপতি কে.মোহনদাস এবং সদস্য প্রীতি শিবরামন ও সি.ভি মুহাম্মদ ইসমাইলের বেঞ্চ অভিযোগের ভিত্তিতে কেরল  রাজ্য পরিবহন সংস্থাকে ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ এবং ৫,০০০ টাকা মামলা খরচ হিসেবে ৩০,০০০ টাকা ৪৫ দিনের মধ্যে প্রদান করার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে অর্থ না দিলে ৯ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)