• সপ্তহজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকতা: দিনে  দাবদাহের সতর্কতা আর বিকেলের পর থেকে আজ কালবৈশাখীর কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    সোমবারও কালবৈশাখীর পূর্বাভাস থাকছে নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা।

    শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। তীব্র দাবদাহের পর ঝড় বৃষ্টিতে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান।

    অন্যদিকে, এপ্রিলের বাকি কটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা বেশি থাকবে ওপরের দিকের পাঁচ জেলা  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বেশিরভাগ এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে  ঝড় বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (বর্তমান)