• কালবৈশাখী ঝড়ে খড়গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • তুমুল ঝড়-বৃষ্টির হাত থেকে রেহাই পেতে গ্রামের রাস্তার ধারে একটি বট গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন পাঁচ জন। আচমকা ওই বট গাছের উপরে বাজ পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর জখম হন তিন জন।

    রবিবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বরাড় গ্রামে। মৃত কান্দির কল্যানপুর গ্রামের বছর ৪০-এর শরানন দাস ও খড়গ্রাম থানার বরাড় গ্রামের ৬০ বছর বয়সি সাবিত্রী ঘোষ। ঘটনার পরে পাঁচ জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকে মৃত বলে জানান এবং বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকালে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে বরাড় গ্রামে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন পাঁচ জন। সেই সময়ে বাজ পড়লে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়। জখম হন তিন জন। মৃত শরানন দাসের দাদা কুবের দাস বলেন, 'ভাই পেশায় রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ সেরে খড়গ্রাম থানা লাগোয়া কান্দির কল্যাণপুর গ্রামে ফিরছিলেন। সেই সময়ে মুষল ধারায় বৃষ্টি ও ঝড় হওয়ার কারণে একটি বট গাছের তলায় দাঁড়িয়েছিল। তখনই বাজ পড়লে ভাইয়ের মৃত্যু হয়।'

    অন্য দিকে, সাবিত্রী ঘোষ কান্দি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। তিনিও ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে গাছের তলায় দাঁড়িয়ে ছিলেন। তখনই ওই বিপত্তি ঘটে। খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বলেন, 'ওই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে দ্রুত নিয়ে যায়। কিন্তু চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। মৃতদের ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।'

  • Link to this news (এই সময়)