দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) চার দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar) থেকে ৭৯টি তাজা বোমা উদ্ধার (Crude Bombs Recovery Case) করেছে পুলিশ। রবিবার রাতে এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয়েছে, বিপুল পরিমাণ বোমা মজুতের পিছনে কোনও বড়সড় ষড়যন্ত্র রয়েছে।
গতকাল অর্থাৎ শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর কাশীপুর থানা এলাকার মাঝেরহাটের একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়েছিল কলকাতা পুলিশ। সেখান থেকেই ৭৯টি দেশি বোমা এবং বোমা তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। শুরু হয় তদন্ত। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর মধ্যেই ভোটের মুখে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনার গুরুত্ব বিবেচনা করে এ দিন NIA তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ‘সাধারণ মানুষের মনে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বেআইনি ভাবে বিস্ফোরক এবং দেশি বোমা মজুত করা হচ্ছিল। ঘটনার গুরুত্ব, দেশের নিরাপত্তার উপরে এর প্রভাব এবং বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটন করতে NIA তদন্ত প্রয়োজন।’
অন্য দিকে, ভোট ঘোষণার পরে গত মার্চে ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় অহিদুল ইসলাম মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে NIA। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করেছিল বিজয়গঞ্জ থানার পুলিশ। পরে NIA তদন্ত ভার নেয়। শনিবার চালতাবেড়িয়া এলাকায় চারচাকা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। অহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে NIA।