কাটোয়ায় (Katwa Constituency) এ বার কাকা বনাম ভাইপোর লড়াই। তৃণমূল (TMC) প্রার্থী কাকা আর কংগ্রেস (Congress) প্রার্থী ভাইপো। বিজেপি এবং সিপিএমের প্রার্থীও রয়েছেন। জোর টক্করও দিচ্ছেন তাঁরাও। তবে স্থানীয় বাসিন্দাদের সব নজর রয়েছে ‘ঘরের যুদ্ধের’ দিকেই। এখন প্রশ্ন হলো, শেষ হাসি হাসবে কে?
১৯৯৬ সালে প্রথম বার জয়ী হন। তার পর থেকে এখনও পর্যন্ত নিজের আসন ধরে রেখেছেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি অবশ্য প্রথমে কংগ্রেসেই ছিলেন। ১৯৯৫ সালে তাঁর নেতৃত্বেই কাটোয়া পুরসভা বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল হাত শিবির।
২০১৫ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রবীন্দ্রনাথ। টানা ছ’বারের বিধায়ক রবীন্দ্রনাথ এ বারেও তৃণমূলের প্রার্থী। তাঁর বিরুদ্ধেই লড়ছেন কংগ্রেস প্রার্থী ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সপ্তম বার জিতে রেকর্ড গড়তে পারবেন রবীন্দ্রনাথ? নাকি তাঁকে কিস্তিমাত দেবেন ভাইপো রণজিৎ? তবে কাকা-ভাইপোর লড়াইয়ের মাঝে রয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ ও সিপিএম প্রার্থী সঞ্জীব দাস। একই পাড়া, একই ওয়ার্ড। চার প্রার্থীর বাড়িই কাটোয়া বিধানসভার ১৭ নম্বর ওয়ার্ডে।
২০২১ সালে তৃণমূল ৪৮.০৭%, বিজেপি ৪৩.৯৯ ও কংগ্রেস ৫.৭৯% শতাংশ ভোট পেয়েছিল। রবীন্দ্রনাথ ৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। তবে এ বারে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বললেন, ‘নামেই ছ’বারের বিধায়ক। কাটোয়ার মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি।’
সিপিএম প্রার্থী সঞ্জীব দাস আবার খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। তিনি বলেন, ‘ছ’বারের বিধায়কের বয়স হয়েছে।’ কাটোয়ায় ফের বামেরা দুর্গ গড়ে তুলবে বলেও আশাবাদী তিনি। বলে দিলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আমার জয় নিশ্চিত।’
রবীন্দ্রনাথের ভাইপো তথা কংগ্রেস প্রার্থী রনজিৎ চট্টোপাধ্যায় অবশ্য কাকা বনাম ভাইপো হিসেবে দেখছেন না। বলে দিলেন, ‘রাজনীতিতে কোনও কাকা-ভাইপো হয় না।’ রণজিতের কথায়, ‘তিনি দল পাল্টেছেন। দুর্নীতির বিরুদ্ধে কাটোয়ার মানুষ ভোট দেবেন। কাটোয়ার উন্নয়ন হবে কংগ্রেসের হাত ধরে।’
তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জয়ের ব্যাপারে আশাবাদী। ভাইপোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি। সরাসরি বলে দিলেন, ‘আমার সঙ্গে যে আছে, সে বন্ধু। যে নেই সে শত্রু।’ উন্নয়নের জোরেই তিনি জিতবেন বলেও স্পষ্ট জানিয়েছেন। রবীন্দ্রনাথের কথায়, ‘তৃণমূল ছাড়া কাটোয়া আবার কে জিতবে! এখানকার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।’