• বিজেপির পোলিং এজেন্ট হওয়ায় খুনের চেষ্টা, মেয়ের শ্লীলতাহানি! গ্রেপ্তার মূল অভিযুক্ত
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • এই সময়, গঙ্গারামপুর: পোলিং এজেন্ট হওয়ায় গঙ্গারামপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা, খুনের চেষ্টা এবং তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

    অভিযোগ, গঙ্গারামপুরের শনিবার গভীর রাতে আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে চড়াও হন। তাঁরা তাঁকে হুমকি দিয়ে জানতে চান, কেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপি করছেন। এরপরে বিজেপি কর্মীকে মারধর করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, বাবাকে বাঁচাতে গেলে ওই কর্মীর নাবালিকা মেয়ের উপরেও হামলা চালানো হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন আনোয়ার। পরিবারের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যান। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, 'আমি আগে তৃণমূল করতাম। এখন বিজেপি করি। সদ্য হয়ে যাওয়া নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলাম। সেই কারণে আমার উপরে হামলা করা হয়।

    এগিয়ে এলে তার উপরেও হামলা করা হয়।' ঘটনায় আনোয়ার ছাড়াও বিজয় রায়, পিন্টু দাস, বাপ্পা মালো, সঞ্জয় রায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে শনিবার রাতেই সেখানে পৌঁছন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, জেলা সহ-সভাপতি অশোক বর্ধন, টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ অন্য নেতৃত্ব। রবিবার সকাল থেকেই গঙ্গারামপুর থানায় ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান।

    অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তৃণমূল প্রার্থী গৌতম দাস থানায় উপস্থিত হয়ে এই দাবি করেন। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, 'লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টা, নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।' গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করেন, 'ভোটের আগে ও পরে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। খুনের চেষ্টা ও নাবালিকার উপরে নির্যাতনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।' তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন, 'দুই পক্ষের মধ্যে সামান্য বচসা হয়েছিল। কিন্তু বিজেপির তরফে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ তদন্ত করলেই সত্য সামনে আসবে।' সরকারি আইনজীবী নীপেন্দু সরকার জানান, পুলিশ এক অভিযুক্তকে আদালতে পেশ করে। বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • Link to this news (এই সময়)