• Breaking News Live: বিহারের সারণে গাড়ি-টেম্পো সংঘর্ষে মৃত ৩
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • বিহারের সারণ জেলায় গাড়ি-টেম্পোর সংঘর্ষে মৃত ৩। গুরুতর জখম ৫। রবিবার রাতে দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান। টেম্পোর যাত্রীরা দিঘওয়ারার মানোপুর গ্রামে শিবকথা অনুষ্ঠান যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন।

    সোমে সক্রিয় ইডি। এ দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হরচরণ সিং ভুল্লার ( পাঞ্জাবের প্রাক্তন ডিআইজি) এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সকাল থেকে পাঞ্জাবের একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। চণ্ডীগড়ে ২টি, লুধিয়ানায় ৫টি, পাতিয়ালায় ২টি, নবহায় ১টি এবং জালন্ধরে ১টি—মোট ১১টি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।

    এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে দপ্তর সূত্রে খবর, হোক্কাইডোর সারাবেতসু শহরে মাটির ৮৩ কিমি গভীরে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

    আজ, সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আর উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেল বা সন্ধ্যার দিকে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৬০ কিলোমিটার বা তার বেশি। কলকাতা সহ অন্যান্য জেলায় ৪০–৫০ কিলোমিটার গতির দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    তামিলনাড়ু আতসবাজি কারখানার বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পুলিশের। ১৯ এপ্রিল এই ভয়াবহ দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক থাকা কারখানার মালিককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত, কারখানার মালিক এবং প্রাক্তন পঞ্চায়েত প্রেসিডেন্ট ঈশ্বরীকে কোয়েম্বাটোর থেকে বিশেষ পুলিশ দল গ্রেফতার করেছে। এই তথ্য জানিয়েছেন বিরুধুনগর জেলার পুলিশ সুপার এন শ্রীনাথা।

  • Link to this news (এই সময়)