জগদ্দল থানার সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি, এখন কী পরিস্থিতি?
আজ তক | ২৭ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তপ্ত ভাটপাড়ার জগদ্দল এলাকা। রবিবার রাতেই জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সময় দুই দলের কর্মীরা একে অপরের দিকে পাথর ছোড়ে বলে প্রাথামিকভাবে অভিযোগ। যার জেরে ইতিমধ্যেই পুলিশ স্টেশনের বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
ঘটনার সূত্রপাত কোথায়?
সূত্রের খবর, এই গন্ডগোলের সূচনা হয় আটচলা বাগান এলাকায়। সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে তড়িঘড়ি অ্যাকশন নেয় নিরাপত্তা বাহিনী। সেখানে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী এবং ব়্যাফ। তারা সংঘর্ষ থামায়।
রাজেশ জানান, তাঁদের উপর ইটবৃষ্টি করা হয়েছে। আর এমন অনভিপ্রেত ঘটনা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই ঘটেছে বলে জোর গলায় দাবি করেছেন তিনি।
যদিও এহেন অভিযোগ মানতে চাননি ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত। উল্টে তিনি বিজেপির বিরুদ্ধেই সুর চড়ান। তাঁর দাবি, তৃণমূলেরই এক কর্মীকে মারধর করে বিজেপি। অভিযোগ জানাতে থানায় এলে অর্জুন এবং তাঁর অনুগামীরা আবার হামলা চালায়।
এলাকাবাসীদের তরফে খবর, এই সময় দুই পক্ষের মধ্যেই ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি কাবুতে আনতে লাঠিচার্জও করে পুলিশ। ইতিমধ্যেই রাতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। এখন দেখার পরিস্থিতি কত তাড়াতাড়ি ঠান্ডা হয়।