ট্রাম্পের ধাঁচে হামলা হতে পারে মোদির উপরও! বিস্ফোরক ইঙ্গিত কংগ্রেস বিধায়কের
প্রতিদিন | ২৭ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসের নৈশভোজে ঠিক যে ধাঁচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, তেমনটা কি হতে পারে ভারতেও? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের প্রথম সারির কংগ্রেস নেতা তথা বিধায়ক বিজয় ওয়াদেত্তিয়ার। তাঁর দাবি, আমেরিকাবাসী যে ভোগান্তির শিকার ভারতবাসীও একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এখানেও একই ধরনের মানসিকতা কাজ করছে বহু মানুষের মধ্যে।
আসলে হোয়াইট হাউসের নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগে রীতিমতো উত্তাল হয়েছে মার্কিন মুলুক তথা আন্তর্জাতিক কূটনীতি। শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালান ওই বন্দুকবাজ। সূত্রের খবর, মোট পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন। পরে জানা গিয়েছে ওই বন্দুকবাজ আমেরিকারই বাসিন্দা। ট্রাম্পের রাজনৈতিক বিরোধী।
এরপরই মার্কিন মুলুকের ওই একই ধরনের ঘটনা ভারতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিয়ার। তিনি বলছেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোটা আমেরিকাকে সন্ত্রস্ত করে তুলেছিলেন। ও বিশ্ব শাসন করার নেশায় নিজের দেশেই শান্তি বিঘ্নিত করেছে। গোটা বিশ্বকে নিজের দাস বানাতে চেয়েছে। সেটা করতে গিয়ে আমেরিকাকেই শেষ করে দিচ্ছে। ভারতেও এমনটাই হচ্ছে। ফলে এই হামলা হওয়ারই ছিল। অনেকদিন ধরেই আমেরিকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।” ওই কংগ্রেস নেতার কথায়, “ভারতেও একই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কেউ বিক্ষোভ দেখাচ্ছে না মানেই সরকারের নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু এখানেও একই ঘটনা ঘটানোর মানসিকতা তৈরি হয়ে গিয়েছে।”
কংগ্রেস নেতার ওই মন্তব্যে প্রত্যাশিতভাবেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলছেন, “কংগ্রেস নেতা ভারতের প্রধানমন্ত্রীর উপর হামলার জন্য প্রার্থনা করছেন। এই ধরনের হিংসাত্মক হামলাকে সমর্থনও করছেন।” কংগ্রেস নেতার শাস্তি দাবি করছে গেরুয়া শিবির।