• ৩৫টি বুথে এজেন্টই দিতে পারেনি পদ্ম, জয় নিশ্চিত, বলছে তৃণমূল
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, মাথাভাঙা: শীতলকুচি বিধানসভায় এবারে ১১ শতাংশ বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। ফলে এই বিধানসভায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস, তার চেয়েও ভালো ফলাফলের প্রত্যাশা করছে তারা। যদিও বিজেপির দাবি, সংখ্যালঘু অধ্যুষিত কিছু বুথে তৃণমূল তাদের এজেন্টকে বসতে দেয়নি। তারপরও এবার তারা বেশি ভোটে জয়ী হবে। ইতিমধ্যে দলের ভোট কোন গ্রাম পঞ্চায়েতে কেমন হয়েছে তার প্রাথমিক হিসেবনিকেশ করা হয়েছে। তৃণমূল ও বিজেপি উভয় দলই দাবি করেছে তারাই জয়ী হবে।

    শীতলকুচি বিধানসভা মাথাভাঙা-১ ব্লকের সাতটি ও শীতলকুচি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিধানসভায় মোট বুথ ৩১০টি। এরমধ্যে বিজেপি ৩৫টি বুথে এজেন্ট দিতে পারেনি। মাথাভাঙা-১ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির কিছুটা সংগঠন রয়েছে। ওই সাতটিতে প্রাথমিক হিসেব অনুযায়ী বিজেপি কিছুটা এগিয়ে থাকার প্রত্যাশা করছে। অপরদিকে শীতলকুচি ব্লকের আটটি পঞ্চায়েতে এবার বিপুল ভোটে এগিয়ে থাকার প্রত্যাশা করছে তৃণমূল। মূলত এই ব্লকের লালবাজার, ছোট শালবাড়ি ও গোলেনাওহাটি এলাকায় সিংহভাগ বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। তৃণমূলের দাবি, বিগত নির্বাচনগুলির মতো এবারও এই তিনটি গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক ভোট লিড পাবে বলে দাবি তৃণমূলের। একই সঙ্গে খলিসামারি, গোসাঁইরহাট, শীতলকুচির মতো বেশ কয়েকটি পঞ্চায়েতেও ভালো ভোট লিড পাবেন তৃণমূল প্রার্থী। মাথাভাঙা-১ ব্লকে সামান্য ভোটে এগিয়ে থাকলেও শীতলকুচি ব্লকের ভোটে ধরাশায়ী হবে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে এই বিধানসভায় ১৪ হাজার ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনীয়া। এবারের নির্বাচনে সেই ব্যবধান ছাপিয়ে যাবেন তৃণমুল প্রার্থী হরিহর দাস। যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি।

    তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপন গুহ বলেন, আমরা প্রাথমিক হিসেব করেছি। তাতে মাথাভাঙা-১ ব্লকের সাতটি পঞ্চায়েতে বিজেপির সঙ্গে আমাদের প্রার্থীর জোর লড়াই হবে। তবে শীতলকুচি ব্লকে যে লিড পাব, তা ২০২৪ লোকসভার ব্যবধানকেও ছাপিয়ে যাবে। তাছাড়া বিজেপি তো এখানে ৩৫টি বুথে এজেন্ট বসানোর লোক খুঁজে পায়নি। ২০২১ সালে হাওয়ায় জিতেছিলেন বিজেপি প্রার্থী। এবারে সেটা হবে না। মানুষ কাজ দেখে ভোট দিয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য কনক চন্দ্র বর্মন বলেন, আমরা সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি বুথে এজেন্ট বসাতে পারিনি। সেই বুথগুলিতেও আমাদের ভোট রয়েছে। মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে। আমাদের প্রার্থী গত বিধানসভা নির্বাচনের চেয়ে এবার বেশি ভোটে জয়ী হবেন। তৃণমূল নেতারা যাই দাবি করুন না কেন, ভোট দিয়েছে মানুষ। মানুষ এবার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।
  • Link to this news (বর্তমান)