বারবার বন্ধ স্ট্রং রুমের ক্যামেরা! বাড়ছে রহস্য, হিপ্পির পর সরব পার্থ কারচুপি? শুরু তরজা
বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ফের কোচবিহার পলিটেকনিকের স্ট্রং রুমের সিসি ক্যামেরার মনিটরের ডিসপ্লে নিয়ে অভিযোগ উঠল। কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের পর এবার অভিযোগ তুললেন কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। শনিবার রাতে বেশ কিছুক্ষণ ডিসপ্লে বন্ধ ছিল বলে অভিযোগ।
পার্থপ্রতিমবাবুর দাবি, শনিবার রাতে কোচবিহার পলিটেকনিকের স্ট্রং রুমের সিসি ক্যামেরার মনিটর রাত ১২টার পর সাত মিনিট বন্ধ হয়েছিল। ইভিএম ভর্তি স্ট্রং রুমের নিরাপত্তা ও সেখানকার প্রতি মুহূর্তের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানকার পুরো ব্যবস্থাটাই নির্বাচন কমিশনের অধীনে। তারপরও কেন এমনটা হচ্ছে, প্রশ্ন তাঁর।
কোচবিহার পলিটেকনিকের স্ট্রং রুমের সিসি ক্যামেরার ডিসপ্লে নিয়ে কেন বারে বারে অভিযোগ উঠছে? কোথাও কি কোনও গাফিলতি রয়েছে? এসবই এখন উঁকি মারছে বিভিন্ন মহলে। পার্থপ্রতিমবাবু বলেন, বিষয়টি সত্যিই সন্দেহজনক। অবিলম্বে এনিয়ে অবজার্ভার, জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের বক্তব্যের স্পষ্টতা চাই। রাতে যে সাত মিনিট ডিসপ্লে বন্ধ ছিল সেই সাত মিনিটের ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছি। স্ট্রং রুমে কিছু একটা সমস্যা হচ্ছে। স্ট্রং রুমে লবিতে কারও অনুমতি ছাড়া এজেন্সির বিশেষ এক ব্যক্তির অবাধ যাতায়াত, আমাদের বোধগম্য হচ্ছে না। আর তিন দিনে দু’বার সিসি ক্যামেরার মনিটর ব্ল্যাকআউট হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়। এটা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহক। জেলা নির্বাচন আধিকারিক তথা নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত জেলাশাসককে এই বিষয়গুলি তুলে ধরেছি।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি) বলেন, ওখানে ষড়যন্ত্রের একটা চেষ্টা চলছে। আমরাও নজর রাখছি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, আমরাও একই প্রশ্ন তুলছি, কেন ক্যামেরা বন্ধ হচ্ছে? প্রশাসন বিষয়টি দেখুক।
যদিও জেলাশাসক জিতিন যাদব বলেন, দুর্যোগের জন্য আগের দিন যে ক্যামেরায় সমস্যা হয়েছিল সেখানেই আবার সমস্যা হয়। আমরা ওখানে ডবল ক্যামেরা বসাচ্ছি। ডবল ডিসপ্লে থাকবে। আগে থেকে যে ক্যামেরা বসানো ছিল সেটাও থাকবে।
নির্বাচন মিটতেই কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভার ইভিএম কোচবিহার পলিটেকনিকের স্ট্রং রুমে এনে রাখা হয়েছে। স্ট্রং রুমের দরজা এখন সিল করা। এখানে সিসি ক্যামেরার ডিসপ্লে বন্ধের অভিযোগ উঠছে। যা নিয়ে তৃণমূল এর আগেও বিক্ষোভ দেখিয়েছে। রবিবার উত্তরের প্রার্থী অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি নিজেও স্ট্রং রুমে পৌঁছে যান। ছুটে আসেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। খবর পেয়ে আসেন জেলাশাসক জিতিন যাদবও। • স্ট্রং রুমের সিসি ক্যামেরা ফুটেজ টেলিকাস্ট বন্ধ হয়ে যাওয়ায় সরব পার্থপ্রতিম রায়।