• নিষেধাজ্ঞা থাকলেও বারাক স্কোয়ারের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে মোটর সাইকেল, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বহরমপুর: ঐতিহাসিক বারাক স্কোয়ার মাঠে সরকারি অনুষ্ঠান ছাড়া বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাঠে দেদার বাইক ঢুকছে। সন্ধ্যার পর থেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। যার ফলে গ্রীষ্মের সন্ধ্যায় মাঠে আসা শহরের মানুষ আতঙ্কে ভুগছেন। তাঁদের দাবি, শহরের মানুষ কিছুক্ষনের জন্য খোলা হাওয়ায় প্রতিদিন মাঠে স্বস্তির জন্য আসেন। পরিবারের সঙ্গে আসা ছেলে মেয়েরা মাঠ ছোটাছুটি করে খেলে বেড়ায়। বাইক বাহিনী যেভাবে বেপরোয়া গতিতে মাঠ দাপাচ্ছে তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের নাকের ডগায় কীভাবে মাঠের মধ্যে বাইক ঢুকছে তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, বিধানসভা নির্বাচনের জন্য বহু সরকারি আধিকারিকদের গাড়ি মাঠে রাখার প্রয়োজন হচ্ছে। যারজন্য সার্কিট হাউসের দিকের গেট খোলা রাখতে হচ্ছে। ওই গেট দিয়েই বাইক মাঠের ভিতরে ঢুকছে। বাইক মাঠে ঢোকা আটকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।      

    বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র ব্যারাক স্কোয়ার মাঠ। অনেকে এই মাঠকে শহরের ফুসফুস বলেন। প্রতিদিন সকাল সন্ধ্যা কয়েক হাজার মানুষ প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমনের জন্য আসেন। গ্রীষ্মকালে খোলা হাওয়ায় স্বস্তি নিতে বহু পরিবার এই মাঠে ঘন্টার পর ঘন্টা পরিবারের সঙ্গে কাটান। প্রতিদিন সন্ধ্যার পর খোলামেলা মাঠের সবুজ গালিচায় বসতে মানুষের ভিড় উপচে পড়ে। স্বস্তি নিয়েই তাঁরা বাড়ি ফেরেন। এখন সেই স্বস্তি মানুষের আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, সন্ধ্যা থেকে মাঠ দাপাচ্ছে বেপরোয়া বাইক বাহিনী।

    বারাক স্কোয়ার মাঠে গাড়ি নিয়ে প্রবেশের জন্য চারদিকে চারটি গেট রয়েছে। যে গেটগুলি অনুষ্ঠান ছাড়া খোলা হয়না। কিন্তু মানুষ ঢোকার জন্য চারদিকে প্রচুর রিভলভিং গেট রয়েছে। বাইক, গাড়ির পাশাপাশি সাইকেল নিয়ে মাঠে ঢোকাও নিষেধ। তবে বেশ কিছুদিন থেকে বাইক বাহিনী এই নিষেধাজ্ঞা ভেঙে অবাধে মাঠে ঢুকে পড়ছে। আর এই বাইক বাহিনী সার্কিট হাউসের দিকের গেট দিয়েই মাঠে ঢুকছে। কারণ বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলার জন্য বহু সরকারি আধিকারিক সার্কিট হাউসে আসছেন। তাঁদের গাড়ি পার্কিংয়ের জন্য খোলা রাখা হয়েছে ওইদিকের গেট। সাধারণ মানুষের অভিযোগ, প্রয়োজনের কারনে গেট খোলা রাখা হোক আপত্তি নেই। কিন্তু একজন প্রহরী রাখা দরকার। শহরের বাসিন্দা প্রলয় মজুমদার বলেন, সন্ধ্যার পর থেকে যেভাবে মাঠের এদিক ওদিক বাইক ছোটাছুটি করছে তা সত্যিই আতঙ্কের। প্রশাসনের নজর দেওয়া উচিত। গোরাবাজার এলাকার বাসিন্দা শ্রেয়সী পাল বলেন, প্রচুর শিশু মাঠে খেলা করে। ছুটে বেড়ায়। তাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের দেখা উচিত। 
  • Link to this news (বর্তমান)