• কার্ড তো আগুনের গ্রাসে, ভোট দেবেন কিসে? চিন্তায় ষোল বিঘার বাসিন্দারা, ই-ভোটার কার্ড দেওয়ার উদ্যোগ
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: আগুনের গ্রাসে মাথা গোঁজার ঘর ও সমস্ত গৃহস্থালি সামগ্রী ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর স্টেশন সংলগ্ন ষোল বিঘা বস্তির ক্ষতিগ্রস্ত একশোর কাছাকাছি পরিবার সকলেই দিশাহারা। তার মধ্যে খাড়ার ঘা হিসাবে সামনে এসেছে আগুনে ভোটের কার্ডও ছাই হয়ে গিয়েছে। এনিয়ে এখন রীতিমত উদ্বিগ্ন ওই বাসিন্দারা। কারণ এবার এসআইআর পর্বে ভোটার তালিকায় নাম অক্ষত রাখতে পেরেছিলেন তাঁরা। কিন্তু ভোটার কার্ড তো আগুনে ছাই এখন। তাহলে ভোট দেবেন কী করে? প্রশ্ন তুলছেন ষোল বিঘার পুড়ে যাওয়া বস্তির বাসিন্দারা। আর মাত্র দু’দিন পর বিধানসভার ভোট। এত কম সময়ে নতুন করে ভোটার কার্ড করে দেওয়া সম্ভব নয়। তাহলে কি ভোট দিতে পারবেন না ষোল বিঘার বৈধ ভোটাররা?

    ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপিকা দত্ত বলেন, দলের প্রার্থী শুভাশিস দাসের সঙ্গে আলোচনা করে আমাদের লোকজন সমীক্ষা করছেন। ঠিক কতজনের বৈধ কার্ড পুড়ে গিয়েছে, তা বার করার চেষ্টা হচ্ছে। সংখ্যাটা পাওয়ার পর তা ঠাকুরপুকুর মহেশতলা বিডিও অফিসে জমা দেব। যাতে ই ভোটার কার্ড পেতে পারেন এই ভোটাররা। বিডিও সুবর্ণা মজুমদার বলেন, মহেশতলা বিধানসভার ষোল বিঘা বস্তির ৩৩ এবং ৩৪ অংশে ৬৫ জনের ভোটের কার্ড পুড়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এর ভিতর দমকল থেকে ওই সংক্রান্ত রিপোর্ট হাতে এসেছে। খুঁটিয়ে যাচাইয়ের পর মহেশতলা থানাকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাস পিটিশন করতে বলা হয়েছে। পুলিসের রিপোর্ট পেলেই তা দেখে দু’টি অংশের ভোটারদের ই ভোটার কার্ড করে দেওয়া হবে। যাতে সকলে ভোট দিতে পারেন। তার কাজ চলছে।

    এদিকে ক্ষতিগ্রস্তদের আপাতত মাথা গোঁজার জন্য ত্রিপল দেওয়ার পাশাপাশি খাওয়ার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। ঘর তৈরির জন্য রবিবার বাঁশ ফেলা হয়েছে। কাউন্সিলার দীপিকা দত্ত বলেন, এইসবই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হচ্ছে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের নিয়ে তৃণমূল ভোটে ফায়দা তুলছে বলে অভিযোগ করেছেন বিজেপি সিপিএম প্রার্থী যথাক্রমে তমোনাথ ভৌমিক এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। দু’জনের বক্তব্য ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা দূর, তার ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না। পুরোটাই হাতের মুঠোয় করে রেখেছে তৃণমূল। এর নিন্দা করেন উভয় দলের প্রার্থীই।
  • Link to this news (বর্তমান)