• ওড়িশা থেকে ভবানীপুরে ৩০০ কোটি টাকা ঢোকানো হয়েছে: মমতা
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে ভবানীপুরে কোটি কোটি টাকা ঢোকানো হচ্ছে। এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুরে একাধিক নির্বাচনি কর্মসূচি করেন তিনি। মনসাতলা রোড ক্রসিং এবং পদ্মপুকুর রোডের জনসভা থেকে এই অভিযোগে সোচ্চার হন মমতা। তিনি বলেন, ‘গতকাল ওড়িশা থেকে একটি কালো গাড়ি করে ভবানীপুরে ৩০০ কোটি টাকা ঢোকানো হয়েছে।’ নির্বাচনকে প্রভাবিত করতে ওই টাকা ঢোকানোর জন্যই বিজেপির সুবিধা মতো পুলিশ বদলি হয়েছে বলে দাবি করেন তিনি। পুলিশের নাকা চেকিং না করা নিয়েও প্রশ্ন তোলেন। 

    তাঁর আরও দাবি, শুধু টাকা ঢুকিয়েই বিজেপি থেমে থাকেনি। ইতিমধ্যে সেই টাকা বিলি করাও হয়ে গিয়েছে বলে তাঁর কাছে খবর এসেছে। মমতা বলেন, ‘এখানে একটি বস্তি এলাকায় পাঁচ হাজার টাকা করে বিলি করেছে। এলাকার নাম আমি বলব না। কিন্তু যাঁদের টাকা দিয়েছে, তাঁরাই আমাকে জানিয়েছে, টাকা নিয়ে নিয়েছি, কিন্তু ভোট দেব না।’

    এর পাশাপাশি, তাঁর নির্বাচনি এলাকার ভোটারদের ‘বহিরাগত’ নিয়ে সতর্ক থাকতে বলেছেন মমতা। কোনো ফাঁকা বাড়িতে বহিরাগতদের লুকিয়ে রাখা হয়েছে কি না, তা এলাকাবাসীদের নজর রাখতে বলেন। নেত্রীর কথায়, ‘নিজেদের সুবিধা মতো পুলিশ অফিসারদের বদলি করানো হয়েছে। ওড়িশা, বিহার সীমানা দিয়ে বন্দুক, টাকা, ড্রাগ ঢোকানো হচ্ছে।’ তবে এসব করতে গিয়ে যে কত বড়ো ভুল করেছে, সেটা পুলিশ শীঘ্রই টের পাবে বলে জানিয়ে দিয়েছেন মমতা।
  • Link to this news (বর্তমান)