শেষ রবিবার ভোট প্রচারে উত্তর শহরতলিতে তৃণমূলের জনসুনামি
বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শেষ রবিবারের প্রচারে উত্তর শহরতলিজুড়ে কার্যত জনসুনামি তৈরি করল তৃণমূল। অভিনেতা দেব, শুভশ্রীর রোড’শো ঘিরে জনপ্লাবন দেখা দেয়। এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস ঘাসফুল শিবিরের ভোট ম্যানেজারদের মুখের হাসি চওড়া হয়েছে। শুধু রোড’শো নয়, এদিন শহরতলির বিভিন্ন প্রান্তে জনসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম নেতা মহম্মদ সেলিম, বৃন্দা কারাত সহ বিভিন্ন নেতৃত্ব হাজির ছিলেন। তবে শেষ বেলার প্রচারে বিজেপি ও সিপিএমকে কয়েক গোল দিয়ে এগিয়ে গিয়েছে তৃণমূল।
এদিন বিকালে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বরানগরে হাজির ছিলেন দেব। গোপাললাল ঠাকুর রোডের ষষ্ঠীতলা থেকে বনহুগলি মোড় পর্যন্ত রোড’শো করেন দেব। সেখানে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়। এদিন রোড’শোকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টার নামার আগে থেকেই রাস্তার দু’দিকে সাধারণ গৃহবধূ, তরুণ-তরুণীদের ভিড় উপচে পড়ে। দেব পৌঁছাতেই আবেগের বিস্ফোরণ হয়। চারদিকে মোবাইল ক্যামেরার ঝলক, একবার ছোঁয়ার চেষ্টা, অটোগ্রাফ নেওয়ার হুড়োহুড়ি, জামা খুলে প্রিয় নায়কের দিকে ছুড়ে দেওয়া, ফুলের পাঁপড়ি ছুড়ে দেওয়া— বাদ যায়নি কিছুই। বরানগরের রাজপথ যেন চলমান মঞ্চের রূপ নেয়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে রোড’শো করেন দেব। সেখানেও এক ছবি। পলতা শান্তিনগর মাঠে দেব ঢুকতেই বদলে যায় ছবি। শান্তিনগর থেকে কুণ্ডুবাড়ি মোড় পর্যন্ত যেতে দীর্ঘ সময় লাগে। বিকালে বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রোড’শো করেন। লালকুঠি থেকে মাধব নিবাস রুটে শুরু থেকেই মহিলা সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া। শুভশ্রীকে দেখতে সাধারণ মানুষের ঢল নামে। ভিড়ের চাপে পুলিশকে হিমশিম খেতে হয়। এরপর বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে শুভশ্রী কাঁচরাপাড়া ও হালিশহরে রোড’শো করেন। সেখানেও ভিড় ছিল নজরকাড়া।
এদিন নিউ বারাকপুরের অগ্রদূত সংঘের মাঠে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ও খড়দহের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে পানিহাটির অমরাবতী মাঠে জনসভা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম ও বৃন্দা কারাত। অন্যদিকে, বরানগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে বর্ণাঢ্য রোড’শো হয়। তাতে সুজন চক্রবর্তী, রবীন দেব ছাড়াও অভিনেতা বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র, কমলেশ্বর মুখোপাধ্যায় হাজির ছিলেন। ডানলপ ৩৪বি, বাসস্ট্যান্ড থেকে বিটি রোড ও ডানলপ এলাকা হয়ে টবিন রোডে এসে রোড’শো শেষ হয়। সেই মিছিলে জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। বীজপুরে সিপিএম প্রার্থী দেবাশিষ রক্ষিতের সমর্থনে কাঁচরাপাড়ার সার্কাস ময়দান থেকে কুমোরপাড়া পর্যন্ত বর্ণাঢ্য মিছিল হয়। সেই মিছিলে অভিনেতা দেবদূত ঘোষ ও শ্রীলেখা মিত্র হাজির ছিলেন। অন্যদিকে, বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর সমর্থনে ভোজপুরী নায়ক তথা সাংসদ রবি কিষাণ হাজির ছিলেন। তালপুকুর থেকে রোড’শোতে তেমন ভিড় দেখা যায়নি।