প্রচারের শেষ রবিবারে ঝড় তুলল তৃণমূল
বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: রবিবারের প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থীরা। নামখানা রায়দিঘি থেকে শুরু করে সোনারপুর, বারুইপুরে প্রচারে তৃণমূল প্রার্থীরা একে অপরকে টেক্কা দিলেন। বিরোধীরাও জমিয়ে প্রচার করলেন।
রবিবার নামখানায় তৃণমূল প্রার্থী বংঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে প্রচারে আসেন সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর রোড শো তে অংশ নেন তাঁরা। পাশাপাশি, বিকেলে বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে রোড শো করেন জুন মালিয়া। তৃণমূলের মহামিছিল রাসমাঠ পর্যন্ত যায়। জুন মালিয়া বলেন, এই মিছিল বিজয় উৎসবে পরিণত হয়েছে। এদিন রায়দিঘির তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে রোড শো করেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী শ্রীতমা। জনজোয়ার নামে রোড শোতে। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র মহামিছিলে অংশ নেন। পাশাপাশি বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় রাজপুর সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। বারুইপুর পশ্চিম ও বারুইপুর পূর্বের সিপিএম প্রার্থী লাহেক আলি ও স্বপন নস্করের সমর্থনে বাইক মিছিল হয় এলাকায়। সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম বোড়াল বেলতলা বাজারে ব্যাবসায়ী ও ক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারেন। গোসাবার আরএসপি প্রার্থী আদিত্য জোতদার সাতজেলিয়া এলাকায় পায়ে হেঁটে জনসযোগ করেন। বিষ্ণুপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী শ্যামল ডাল ঘাটুর মোড় থেকে আমতলা পর্যন্ত রোড শো তে অংশ নেন। ছিলেন শমিক লাহিড়ী। রায়দিঘিতে সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নবর দোকান এলাকায় সভা করেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। রায়দিঘিতে তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের প্রচারে বনি ও শ্রীতমা। নিজস্ব চিত্র
Link to this news (বর্তমান)