• প্রচারে তৃণমূল কাউন্সিলারের শ্লীলতাহানি! অভিযুক্ত পদ্ম কর্মী
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি হচ্ছিল। প্রচারে গিয়ে এর কারণ জানতে চান তৃণমূল কাউন্সিলার। আর তা নিয়ে তর্ক-বিতর্ক ও পরে ধাক্কাধাক্কি থেকে মহিলা কাউন্সিলারের শ্লীলতাহানির চেষ্টাও হল। রবিবার রাতে, অশোকনগরের শেরপুর এলাকায়। আক্রান্ত পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শম্পা চক্রবর্তী অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

    শেরপুর এলাকায় কয়েকজন বিজেপি কর্মী বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করাচ্ছিলেন। রাতে ওই এলাকাতেই প্রচারে যান কাউন্সিলার শম্পাদেবী। তৃণমূলের অভিযোগ, কাউন্সিলার গিয়ে দেখেন, ওই যুবকরা মানুষের কাছ থেকে বিভিন্ন নথি নিচ্ছেন, যা আগামী দিনে ভোটারদের সমস্যায় ফেলতে পারে। তাই তাতে বাধা দেন কাউন্সিলার সহ সঙ্গে থাকা মহিলাকর্মীরা। ভিডিয়ো তুলতে যান শম্পা। তাতেই বিজেপির ওই কর্মী, সমর্থকরা শম্পাকে বাধা দেন।  ধাক্কাধাক্কি ও শ্লীলতাহানির চেষ্টাও করেন বলে অভিযোগ। এনিয়ে অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বলেন, মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার ফাঁদে ফেলছিল বিজেপি। কাউন্সিলার বাধা দিতেই শ্লীলতাহানির চেষ্টা করা হয়। থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ করছি। এনিয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। মানুষ এর জবাব দেবে।
  • Link to this news (বর্তমান)