সংবাদদাতা, কাকদ্বীপ: আবহাওয়া খারাপ থাকার কারণে হতাশ হয়ে বাড়ি ফিরতে হল কংগ্রেস কর্মীদের। রবিবার পাথরপ্রতিমার কলেজ মাঠে কংগ্রেসের জনসভা ছিল। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপস্থিত থাকার কথা ছিল। সেই মতো সব রকমের আয়োজন করা হয়েছিল। এমনকি, সভামঞ্চের কিছুটা দূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। দুপুর ২টো নাগাদ এখানে খাড়্গের হেলিকপ্টার নামার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি আসতে পারেননি। শেষ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষার পর বিকাল ৫টা নাগাদ কংগ্রেস নেতৃত্ব জনসভার সমাপ্তি ঘোষণা করেন। এদিকে সভাপতি খাড়্গে না আসার কারণে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে কংগ্রেসের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারি বলেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি আসবেন বলে সব রকমের ব্যবস্থা করা হয়েছিল। কাকদ্বীপ মহকুমার তিনজন, ভাঙড় ও মন্দিরবাজার বিধানসভার কংগ্রেসের প্রার্থীরাও উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন এলাকা থেকে কর্মীরাও এসেছিলেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তাঁর হেলিকপ্টার আসতে পারেনি। কর্মীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।’