• জাতীয় পতাকার অপমান, তৃণমূল কংগ্রেসের নিশানায় টালিগঞ্জের বিজেপি প্রার্থী
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে এবার টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর বিরুদ্ধে সরব হল তৃণমূল। শনিবার পাপিয়াদেবী নিজের নির্বাচনি কেন্দ্রের অন্তর্গত ৯৮ নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত ছিলেন। তিনি ওই এলাকার বিভিন্ন অনুন্নয়নের চিত্র তুলে ধরছিলেন। সেই সময় বিজেপি প্রার্থীর গলায় ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া একটি উত্তরীয় ছিল। চড়া রোদে তিনি কার্যত গলদঘর্ম ছিলেন। তৃণমূলের অভিযোগ, পাপিয়াদেবী সেই উত্তরীয় দিয়ে মুখ মুছেছেন। যা জাতীয় পতাকার অবমাননার শামিল। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠদের দাবি, বিজেপি মুখে জাতীয়তাবাদের বুলি ছোটায়। কিন্তু এই ঘটনায় গেরুয়া পার্টির প্রকৃত স্বরূপ জনতার সামনে চলে এসেছে।

    যদিও পাপিয়াদেবী যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়েছেন। রবিবার সন্ধ্যায় তিনি ফোনে বলেন, ওইদিন সকালে পার্টির এক মহিলা কর্মী তাঁকে ওই উত্তরীয় উপহার দেন। দেশের পতাকার ছবি দেওয়া সেই উত্তরীয়কে তিনি সারাদিন গলায় সসম্মানে আগলে রেখেছিলেন বলে দাবি করেন পাপিয়াদেবী। তাঁর কথায়, আমরা জাতীয় পতাকাকে মর্যাদা দিতে জানি। আমি আমার ওই উত্তরীয় দিয়ে কখনই মুখ মুছিনি। বরং পতাকার মর্যাদা রক্ষায় একাধিকবার চুম্বন করেছি। তাঁর পালটা অভিযোগ, তৃণমূল দেশদ্রোহীদের দল। আমি টালিগঞ্জের ‘নয়া রূপকারের’ বিভিন্ন অনুন্নয়নের চিত্র মানুষের সামনে তুলে ধরছি। পাশাপাশি শনিবার রানিকুঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড-শো দেখে তৃণমূলের নেতা-মন্ত্রীদের খুব ঝাল লেগেছে। তাই আমার বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে এই ধরনের অবাস্তব অভিযোগ করছে। টালিগঞ্জের ভোটাররা আগামী ২৯ এপ্রিল তার উপযুক্ত জবাব দেবেন বলে আশাবাদী পাপিয়া।  এই ছবি ঘিরেই বিতর্ক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)