নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠল জগদ্দল থানা চত্বর। এলাকায় বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। রবিবার রাতের এই ঘটনায় যোগেশ শর্মা নামে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাকপুর কমিশনারেটের বড়ো পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে ওই এলাকাজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রুটমার্চ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জগদ্দলের আটচালা বাগানে এক তৃণমূলের কর্মীকে বিজেপির গুড্ডু সিং মারধর করে বলে অভিযোগ। হামলার খবর পেয়ে জগদ্দলের তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা সহ দলীয় নেতৃত্ব থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ, সেই সময় থানার ভিতর বিজেপি প্রার্থী রাজেশ কুমার বসেছিলেন। তার মধ্যেই নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং তাঁর নিরাপত্তা রক্ষীদের নিয়ে থানায় পৌঁছায়। অর্জুনের উপস্থিতিতে তাঁর ভাইপো তথা তৃণমূল কর্মী সৌরভ সিংকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত সৌরভ গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট ছিলেন। থানার সামনে গোলমাল সামলাতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। ওই ঘটনায় দু’পক্ষের অনেকেই আহত হয়। পরে সেই গোলমাল মেঘনা মোড় সংলগ্ন পবন সিংয়ের বাড়ির কাছে পৌঁছায়। সেখানেও একপ্রস্থ বোমা ও গুলি চলে বলে অভিযোগ। তাতেই কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান গুলিবিদ্ধ হন। এই সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।