দুই প্রজন্মের দু’জনের জীবনযুদ্ধ আর মানসিক দূরত্ব। তার সঙ্গে জড়িয়ে রয়েছে এক বাড়ি। বাড়িটা আর আগের মতো নেই। তার ঠিকানা এমন এক শহরে, যেখানে টিকে থাকতে গেলে দৌড়তে হয়। সেই দৌড়ে অংশ নিয়েছে পলাশ। সর্বক্ষণ ছুটে চলে সে। শহরের দ্রুত গতির জীবনে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা। অন্যদিকে তার বাবা পান্নালাল দিন কাটায় অতীতের স্মৃতি আঁকড়ে। আচমকা ফিরে আসা অতীত বাবা-ছেলের জীবনের ঝড় তোলে। নতুন মোড় নেয় তাদের সম্পর্ক। এভাবেই আসন্ন ছবি ‘ফেরা’র গল্প সাজিয়েছেন পরিচালক পৃথা চক্রবর্তী। নন্দী মুভিজ-এর আসন্ন ছবিটি প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী। অভিনয়ে প্রিয়াঙ্কা সরকার, সঞ্জয় মিশ্র সহ আরও অনেক তারকা। সদ্য প্রকাশ্যে এল ছবির পোস্টার। এক আবেগঘন, বাস্তবধর্মী গল্পের সাক্ষী থাকতে বড়োপর্দায় ছবির মুক্তির অপেক্ষায় দর্শক।