• রাজনৈতিক দলের প্রার্থী, নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক, নির্বিঘ্নে ভোটের বার্তা মনোজের
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • এই সময়, কাকদ্বীপ: রাজ্যে শেষ দফার নির্বাচনের আগে ভোটের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার বেলা দশটা নাগাদ কাকদ্বীপে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এ দিন কাকদ্বীপ মহকুমা শাসকের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার-সহ নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।

    প্রশাসনিক বৈঠকের পাশাপাশি মনোজ এলাকার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গেও সরাসরি কথা বলেন। প্রায় এক ঘণ্টার বৈঠকে প্রত্যেকের সঙ্গে চার থেকে পাঁচ মিনিট করে কথা বলেন নির্বাচনী আধিকারিক। বেলা ১১টা নাগাদ বৈঠক শেষ করে আকাশপথে কলকাতা রওনা দেন মনোজ। প্রশাসন সূত্রের খবর, কোনও রকম প্ররোচনা বা অশান্তি যাতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট না করে, সে বিষয়ে উপস্থিত সকলকেই কড়া বার্তা দেন তিনি।

    বৈঠক শেষে মনোজ আগরওয়াল বলেন, ‘আজ কাকদ্বীপ মহকুমার সমস্ত প্রার্থী এবং এজেন্টের সঙ্গে কথা বললাম। শেষ দফার ভোট প্রস্তুতি খতিয়ে দেখলাম। সবাইকে অনুরোধ করেছি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে। প্রতিটি বুথ থেকে আসা অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি বুথের উপর এবং বাইরে সিসিটিভি ক্যামেরা এবং লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা রাখা থাকবে।’ কাকদ্বীপে সাধারণত ৭০ থেকে ৮২ শতাংশ ভোট পড়ে। এ বার সেই লক্ষ্যমাত্রা ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

    মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বিরোধীদের মিথ্যে অভিযোগে পা না দেওয়ার দাবি রেখেছেন বলে জানান সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘অযথা বিরোধীদের মিথ্যে অভিযোগ শুনে যেন না দলদাস হয়ে কাজ করে নির্বাচন কমিশন। ভোটের পার্সেন্টেজ বাড়ানোর বিষয়টিও আমাদের মাথায় রয়েছে।’ কাকদ্বীপের সিপিএম প্রার্থী নারায়ণ দাস বলেন, ‘আমরা কমিশনের কাছে বেশ কিছু স্পর্শকাতর বুথের তালিকা তুলে দিয়েছি।’ একই দাবি পাথরপ্রতিমার বিজেপি প্রার্থী অসিত হালদারেরও।

    এ দিন সকাল থেকে হুডখোলা টোটোতে চড়ে রবীন্দ্র, নেতাজি, বাপুজি, বুধাখালি এবং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কাকদ্বীপ শহরে প্রচার চালান তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা। তিনি বলেন, ‘মানুষ আমার সঙ্গে রয়েছে। পুরোনো সঙ্গীরাও সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।’

  • Link to this news (এই সময়)