• ‘কোন জল্লাদের কত ক্ষমতা…’, মিতালি বাগের উপর আক্রমণের ঘটনায় ঝাঁঝালো আক্রমণ অভিষেকের
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৬
  • আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগের উপর আক্রমণের ঘটনায় কড়া সমালোচনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে আরামবাগে একটি রোড শো করেন অভিষেক। তার আগে আরামবাগ মেডিক্যাল কলেজে তাঁর সঙ্গে দেখা করতে যান। এর পরে রোড শো-এর পরে পথসভায় অভিষেক বলেন, ‘যাঁরা এই ঘটনায় যুক্ত, ওই এলাকার সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তফসিলি মহিলার গায়ে যাঁরা হাত দিয়েছেন, ৪ তারিখে আমরা আরামবাগ জিতে যাই বা হেরে যাই… আমরা গতবার গোঘাট, খানাকুল, পুড়শুড়া, আরামবাগ হেরেছিলাম। আমাদের উদারতায় পার পেয়ে গিয়েছিল। এ বার আমি নিজে দায়িত্বে থাকব। ৪ তারিখ বেলা ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি দেখব।’

    এ দিন ধনেখালি, হরিণঘাটায় সভা করেন অভিষেক। সেখান থেকে আরামবাগের জনসভায় যাওয়ার কথা ছিল তাঁর। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন মিতালি। যাত্রাপথে মিতালির গাড়ির উপরে কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করা হয়। ভোটের দু’দিন আগে অশান্ত হয়ে ওঠে এলাকা। অভিষেকের দাবি, পুরোনো সিপিএম কর্মীরাই বর্তমানে বিজেপির জার্সি পরে এই ঘটনা ঘটিয়েছে। অভিষেক বলেন, ‘আমি তৃণমূলের হয়ে এখানে ভোট চাইতে আসিনি। আরামবাগবাসীকে শুধু এটুকু বলব, ১১ সালে যে স্বাধীনতা আরামবাগ পেয়েছিল, সেই কথাটা মনে রেখে আগামী ২৯ তারিখ ভোট দেবেন। ২০০১, ২০০৪, ২০০৬ সালের বিধানসভা নির্বাচন, ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের হার্মাদরা আপনাদের কী ভাবে পরাধীন করে রেখেছিল আপনারা তা জানেন। আজকে সিপিএমের হার্মাদগুলো জার্সি পাল্টে পদ্মফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএমের হার্মাদ বিজেপির জল্লাদ হয়েছে।

    ভোট প্রচারে গিয়ে রাজ্যে পালাবদলের আগে সিপিএম জমানার কথা মনে করান অভিষেক। তাঁর বক্তব্য, ‘যাঁরা সিপিএমের অনুন্নয়ন, কালো দিনগুলো আরামবাগের মাটিতে ফিরিয়ে আনতে চাইছে, মানুষ ভোট দেওয়া দূরের কথা কার পুকুরে কত মাছ থাকবে, তার ফতোয়া জারি করা হতো। আজ অনিল বসুর ছেলে সৌম্য বসু সিপিএমের নেতা। শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। আরামবাগের মানুষ মেনে নেবেন। তৃণমূল না থাকলে এখানে কোনও উন্নয়ন হবে না, উন্নয়ন এখানে থমকে গিয়েছে।’

    উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই আসনটি জিতেছিল বিজেপি। বিধায়ক হন মধুসূদন বাগ। এ বার প্রার্থী বদল করেছে বিজেপি। ২৬-এর নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন হেমন্ত বাগ। তৃণমূল প্রার্থী করেছে মিতা বাগকে। এ দিনের সভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের প্রশংসা করেন তৃণমূল সাংসদ। অভিষেক বলেন, ‘এখানে এমন একজনকে দল প্রার্থী করেছে, তিনি একজন মাটির মানুষ। মিতা বাগের জীবনযাপন আপনারা জানেন। সারাক্ষণ মানুষের জন্য কাজ করেন। আমরা অন্য কাউকে প্রার্থী করতে পারতাম, কিন্তু কেন মিতা বাগকে করলাম। আরামবাগে তৃণমূল জিতবেন সংশয় নেই, কিন্তু মানুষ যেন পরিষেবা পায়, সেটাও সুনিশ্চিত করার দায় আমার।’

  • Link to this news (এই সময়)