বাইক নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে ৪৮ ঘণ্টা 'গ্রুপ রাইডিং' নিষিদ্ধ
আজ তক | ২৭ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফার ভোটের আগে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২৯ এপ্রিল ভোট। তার আগে ৪৮ ঘণ্টা 'গ্রুপ মোটরবাইক রাইডিং'-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে বাইক চালানোর ক্ষেত্রে কোনও বাধা থাকছে না বলেই স্পষ্ট করেছে আদালত। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত।
সম্প্রতি ভোটের আগে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি বিচারপতি কৃষ্ণ রাও বাইক ব্যবহারে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। তবে পরে নির্বাচন কমিশনের আবেদন খতিয়ে আংশিক সংশোধন আনে শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।
শুনানির সময় বিচারপতি শম্পা সরকার নির্বাচন কমিশনের আইনজীবীর প্রশ্ন করেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে আপত্তির কারণ কী। তিনি স্পষ্ট বলেন, আদালত কোনও ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ, একা বা ব্যক্তিগত প্রয়োজনে বাইক চালানো আটকানো যাবে না।
তবে একই সঙ্গে আদালত এও জানিয়ে দিয়েছে, ভোটের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে দল বেঁধে বাইক নিয়ে বেরোনো যাবে না। অর্থাৎ 'গ্রুপ রাইডিং'-এর উপরেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আদালতের মতে, একাধিক বাইক একসঙ্গে রাস্তায় নামলে তা আইনশৃঙ্খলার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে ভোটের মতো সংবেদনশীল সময়ে এমন জমায়েত উত্তেজনা বাড়াতে পারে।
ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই সময়ে প্রশাসন এবং পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া আদালত জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চের দেওয়া বাকি নির্দেশগুলি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ শুধুমাত্র 'গ্রুপ বাইক রাইডিং' সংক্রান্ত অংশে সামান্য পরিবর্তন আনা হয়েছে। অন্য সব নির্দেশ আগের মতোই কার্যকর থাকবে।
নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। তাই আদালতের এই নির্দেশকে ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ ভোট করাতেই এই পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।