• শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের আর্জি নাকচ হাইকোর্টে
    দৈনিক স্টেটসম্যান | ২৭ এপ্রিল ২০২৬
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মামলাকারী সংবিধানের নির্দিষ্ট ধারা উল্লেখ করতে না পারায় এই আবেদন গ্রহণযোগ্য নয়।

    মামলাকারীর অভিযোগ ছিল, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি হিসেবে শুভেন্দুর মন্তব্য জনমানসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ৩ এপ্রিল ভবানীপুর ও পরে মেদিনীপুরের সভা থেকে তিনি নাকি আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেই দাবি তুলে তাঁর প্রার্থীপদ খারিজের আবেদন জানানো হয় আদালতে।

    শুনানির সময় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেন মামলাকারীর আইনজীবীর কাছে জানতে চান, সংবিধানের কোন ধারায় এই আবেদন করা হয়েছে এবং আদালত কোন আইনি ভিত্তিতে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সেই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন মামলাকারীর পক্ষ। আদালত পর্যবেক্ষণে জানায়, শুধু অভিযোগ তোলাই যথেষ্ট নয়, তার পক্ষে স্পষ্ট আইনি ভিত্তি থাকা জরুরি। সেই অভাবেই এই জনস্বার্থ মামলা টেকেনি এবং আবেদন খারিজ করা হয়।

    প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট হওয়ার কথা, যেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আদালতের এই রায়ের ফলে ভোটের আগে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)