কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক ডেলিভারি বয়। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের কার্জন গেটের কাছে জি টি রোডের উপর। অভিযোগ, দুর্ঘটনার পরে আহত যুবককে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে।
স্থানীয় সূত্রে খবর, ওই ডেলিভারি বয় এ দিন স্কুটি নিয়ে কার্জন গেট থেকে বীরহাটার দিকে যাচ্ছিলেন। মিউনিসিপ্যাল বয়েজ় হাই স্কুলের সামনে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি ঘোরানো হচ্ছিল। সেই সময়েই ঘটে বিপত্তি। আচমকা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুটিতে।
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল, যে স্কুটির চালক ছিটকে পড়েন রাস্তার উপর। তাঁর শরীরের বেশ কিছু জায়গায় চোট লাগে। আহত ডেলিভারি বয়ের অভিযোগ, গাড়িটি তাঁকে ধাক্কা মারার পরেই দ্রুত সেখান থেকে চলে যায়। তবে আহত ডেলিভারি বয়ের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সময়ে ওই এলাকায় ভোটের প্রচার করছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। তিনিই আহত যুবককে উদ্ধার করতে এগিয়ে আসেন। কংগ্রেস প্রার্থী নিজেই আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।