• তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার, নির্বাচন মিটতে না মিটতেই চাঞ্চল্য লালগোলায়
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • মুর্শিদাবাদের লালগোলা ব্লক তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার ভাগীরথী থেকে। সোমবার এই ঘটনায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। মৃতের নাম নাজির শেখ (৫১)। রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

    রবিবার দুপুর আড়াইটে নাগাদ পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এর পরে বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন সর্বত্র খোঁজ-খবর করেও কোনও সন্ধান পাননি। এর পরে রঘুনাথগঞ্জ থানা এলাকার ভাগীরথীর জলে মৃতদেহ ভাসতে দেখেন বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দারা।

    স্থানীয় বাসিন্দা খালেক শেখ বলেন, ‘স্নান করার সময়ে একটা মৃতদেহ ভেসে আসতে দেখি। এর পরে মৃতদেহের কাছে গিয়ে লাঠি দিয়ে টেনে পাড়ের কাছে নিয়ে আসি। সেখান থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ফোন করে জানাই। তাঁর কাছ থেকে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।’

    রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে মৃতের ছেলে নাদিম শেখ মৃতদেহ শনাক্ত করেন। নাদিমের দাবি, ‘তাঁর বাবাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তিনি বলেন, 'অন্যান্য দিন বাড়ি থেকে বের হওয়ার সময়ে সাইকেল নিয়ে বের হন। কিন্তু ঘটনার দিন সাইকেল নিয়ে বের হননি। বাবার কোনও শত্রু নেই। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সালিশি বৈঠকে অংশ নিতেন।’

    এলাকাবাসীরা জানান, আগে ফরওয়ার্ড ব্লক করতেন। পরে সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। স্ত্রী তৃণমূল নেত্রী হওয়ার পরে থেকে তাঁর বিরুদ্ধে চাকরি করে দেওয়ার নামে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। লালগোলা অঞ্চল তৃণমূলের সভাপতি অজয় ঘোষ বলেন, ‘এ সব মিথ্যা অভিযোগ। ওই মৃত্যুর কারণ খতিয়ে দেখে পুলিশের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ করা।’ লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ বলেন, ‘এলাকায় ভালো মানুষ হিসেবে তাঁর পরিচয় রয়েছে। কেন এমনটা ঘটল, সে নিয়ে আমরাও আলোচনা করছি। যদিও গোটা ঘটনা পুলিশের উচিত গুরুত্ব দিয়ে দেখার।’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানানো সম্ভব হবে। তার আগে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)