• হালিশহরে গুলিবিদ্ধ যুবক, নির্বাচনের আগে চাঞ্চল্য এলাকায়
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • নির্বাচনী প্রচার শেষ হতেই উত্তপ্ত হয়ে উঠল হালিশহর। এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আহত যুবকের নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    জানা গিয়েছে, হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডে খাস বাটি মেইন রোড বারোওয়ারি তলা এলাকার বাসিন্দা ওই যুবক। ঘটনাটি ঘটেছে হালিশহর মুড়ি গলি অঞ্চলে। পরিবারের তরফ থেকে জানানো হয়, প্রসেনজিৎ সেই ভাবে কোনও রাজনৈতিক দল না করলেও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। সন্ধ্যায় বাড়ির কাছেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তাঁর পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই তাঁকে দ্রুত উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

    ঘটনার পর চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার মাত্র দু’দিন আগে এই গুলি চলার ঘটনায় ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আগে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    প্রসেনজিতের দাদা বিশ্বজিৎ মৌলিক বলেন, ‘আমি একটা কাজে গিয়েছিলাম। শুনলাম আমার ভাইকে নাকি গুলি মেরেছে। এখানে এসে দেখি রাস্তার ধারে বাইক পড়ে রয়েছে। কে বা কারা গুলি করেছে জানি না।

  • Link to this news (এই সময়)