• AI, সোশ্যাল মিডিয়ার ঝড়েও ভরসা রাস্তাই; শেষ দিনে মিছিল-সভায় জমল ভোটের লড়াই
    আজ তক | ২৮ এপ্রিল ২০২৬
  • Bengal Election Campaign 2026: বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ, সোশ্যাল মিডিয়ায় ঝড়, AI। তবুও শেষ লড়াই কিন্তু রাস্তাতেই। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে শেষ দিনে সেই ছবিই স্পষ্ট। ডিজিটাল প্রচারের যুগেও শেষ মুহূর্তে রাস্তায় নেমেই লড়াই চালাল প্রায় সব রাজনৈতিক দল। সভা, পদযাত্রা, রোড শো; শেষ মিনিট পর্যন্ত একটুও সময় নষ্ট করলেন না কেউ-ই।

    ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় বিপুল খরচ করেছে BJP ও TMC। গত এক দশকে রাজনৈতিক দলগুলি ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার বাড়িয়েছে। কিন্তু এত বেশি ডিজিটাল প্রচার এর আগে দেখা যায়নি। গুগলের অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার এবং মেটার অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী, ২৫ জানুয়ারি থেকে ২৪ এপ্রিলের মধ্যে চার রাজ্যের ভোটে বিজেপি ৪০ কোটির বেশি টাকা খরচ করেছে। এর পুরোটাই গিয়েছে অনলাইনে বিজ্ঞাপন দেওয়াতে। প্রায় ৫০ হাজার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর একটি বড় অংশই পশ্চিমবঙ্গের ইন্টারনেট ইউজারদের টার্গেট করে দেওয়া।

    তৃণমূল কংগ্রেস মূলত মেটাতেই(ফেসবুক, ইনস্টাগ্রাম) বেশি খরচ করেছে। তাদের খরচ প্রায় ১.৮ কোটি টাকা। একইভাবে তামিলনাড়ুর ডিএমকে এবং এআইএডিএমকে-ও মেটাকেই বেশি গুরুত্ব দিয়েছে।

    ডিজিটাল প্রচারের ক্ষেত্রে আরেকটি বড় পার্থক্য হল; বিজ্ঞাপন কে দিচ্ছে। বিজেপি মূলত নিজেদের অফিসিয়াল পেজ থেকেই প্রচার চালায়। অন্যদিকে তৃণমূল বা ডিএমকের মতো দলগুলি অনেক ক্ষেত্রে থার্ড-পার্টি পেজের সাহায্য নেয়। উদাহরণ হিসেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ এবং অন্যান্য সমর্থক পেজ মিলিয়েও ৩.৫ কোটির বেশি খরচ করেছে তৃণমূল।

    তবে এত খরচ সত্ত্বেও ডিজিটাল প্রচারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে কি মানুষ ভোটের সিদ্ধান্ত নেন? সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে ডিজিটাল মার্কেটারদের।

    তবে একটি বিষয় স্পষ্ট। AI, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ক্যাম্পেন যতই বাড়ুক, ভোটের লড়াইয়ে এখনও রাস্তার মাহাত্ম্য অটুট। শেষ দিনে সেই রাজনৈতিক বাস্তবই উঠে এল বাংলার নির্বাচনী ময়দানে। 
  • Link to this news (আজ তক)