• প্রচারের শেষ দিনে মমতার মিছিলে জনসমুদ্র, ইভিএমে কারচুপির আশঙ্কা নেত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২৮ এপ্রিল ২০২৬
  • ১৫ মার্চ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। ২১ মার্চ ছিল ইদ। তার পরই জেলা সফরে বেরিয়ে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একমাস একটানা উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলাতেই একের পর এক সভা করেন তিনি। দলের প্রচারের জন্য কার্যত নিজের কেন্দ্র ভবানীপুরে সময় দিতে পারেননি জননেত্রী। ভবানীপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের। দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিনটি কার্যত নিজের প্রচারের জন্য তুলে রেখেছিলেন তিনি।

    সোমবার শেষলগ্নে ৫ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে প্রচার চালালেন তৃণমূল সুপ্রিমো। এদিন বিকেলে সুকান্ত সেতু থেকে শুরু হয় তৃণমূলের মেগা মিছিল। ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হয়। মিছিলে মমতার পাশে ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খান। ছিলেন স্থানীয় নেতানেত্রীরাও। এদিন দলনেত্রীর পদযাত্রা যত এগিয়েছে ততই মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে।

    পদযাত্রা শেষে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক যোগে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘ওরা জোর করে জিততে চায়। সে কারণে ওরা প্রচুর বন্দুক পাঠিয়েছে, গুন্ডা পাঠিয়েছে। পাঠিয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। লোকাল পুলিশকে বলছে একে অ্যারেস্ট করো, ওকে অ্যারেস্ট করো। কিন্তু কী করে করবে? সেখানে তো ৩০ মে পর্যন্ত আদালতের স্থগিতাদেশ আছে।’

    মুখ্যমন্ত্রী এদিন আরও একবার ইভিএমে কারচুপির আশঙ্কা করেছেন। কারচুপি ঠেকাতে দলীয় কর্মীদের পাশাপাশি মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকাল সকাল ভোটের লাইনে গিয়ে ভোট দেবেন। ওরা আপনাদের অনেক লাইনে দাঁড় করিয়েছে। না হয় আর একবার কষ্ট করে লাইন দেবেন। ভোট দেওয়া হলে দাঁড়িয়ে দেখে নেবেন, ঠিক জায়গায় ভোট পড়েছে কিনা। ভিভিপ্যাট দেখে নেবেন। সকলকে অনুরোধ করব, ওরা যেভাবে আপনাদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে ইভিএমে তার উপযুক্ত জবাব দেবেন। কারণ এটা আপনাদের অধিকার রক্ষার লড়াই। এরা অনেক কিছু পরিকল্পনা করেছে। আপনাদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে হবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)