শেষ দফার ভোটে (West Bengal Assembly Election 2026) আইনশৃঙ্খলায় কোনও ফাঁক রাখতে চায় না রাজ্য সরকার। তাই ঠিক ৪৮ ঘণ্টা আগে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশে (District Police) অস্থায়ী মোতায়েন করা হলো রাজ্যের ২৬ জন পুলিশ অফিসারকে। সোমবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের অতিরিক্ত ডিজি অজয় মুকুন্দ রানাডে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ জন পুলিশ অফিসারকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে নতুন কর্মস্থলে রিপোর্ট করতে হবে। তাঁদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যেতে বলা হয়েছে। দায়িত্ব শেষ হওয়ার পরে তাঁদের রিলিজ করা হবে। অর্থাৎ ফের তাঁরা নিজের পোস্টিংয়ে ফিরে যাবেন।
কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেই মূলত এই অফিসারদের মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হচ্ছে লালবাগের অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি, ডালখোলার এসডিপিও রবিরাজ অবস্তি, নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় এবং ঘাটালের এসডিপিও গায়কোয়াড় নীলেশ শ্রীকান্তকে।
হাওড়া পুলিশ কমিশনারেটে দায়িত্ব পেয়েছেন বিকেপি-র সিও প্রবীণ প্রকাশ। বারাসত পুলিশ জেলায় পাঠানো হচ্ছে দক্ষিণ দিনাজপুরের অ্যাডিশনাল এসপি অনিমেষ রায় এবং খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুরকে। পুরুলিয়ার অ্যাডিশনাল এসপি ডঃ জর্জ অ্যালেন জন এবং এসটিএফ-এর ডেপুটি এসপি আকাশদীপ গেহলটকে পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলায়।
এসএস সিআইডি (SS CID) জে. মার্সি এবং এসএস আইবি (SS IB) খন্ডবাহালে উমেশ গণপতকে চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি এসপি রজত ঘোষ এবং ঝাড়গ্রামের ডেপুটি এসপি সমীর অধিকারীকে বারুইপুর জেলা পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আরও ৮টি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ অফিসারদের অস্থায়ী মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। পুলিশ অফিসারদের নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কনডাক্ট অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।