• ‘খেলা শুরু তো! ফিনিশ আমি করব’, হুঁশিয়ারি অভিষেকের
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • এই সময়: প্রচারের শেষলগ্নে সোমবার আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ আক্রান্ত হওয়ার ঘটনায় দ্বিতীয় দফার ভোটের আগে হিংসার পারদ ফের উর্ধ্বমুখী হলো। সোমবার দুপুরে ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে গোঘাটে আক্রান্ত হন মিতালি। স্থানীয় বিজেপি অফিসের কাছেই তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কাচের টুকরো মিতালির মাথায়, কপালে, গায়ে লাগে। সাংসদকে নিয়ে কোনও রকমে তাঁর চালক এলাকা ছেড়ে বেরিয়ে যান। ভাঙা গাড়ির মধ্যে থেকে মিতালি নিজেই ফেসবুক লাইভ করে এই হামলার কথা প্রথম জানান। চলন্ত গাড়ির মধ্যে থেকেই তিনি বলেন, ‘গোঘাটে বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে গাড়ি থামিয়ে ওরা ভাঙচুর করেছে। বন্দুক দেখিয়েছে। গালাগালি করেছে। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী?’ জখম মিতালিকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তিনি স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর। এই ঘটনার পরে আরামবাগে রোড–শো করেন অভিষেক। সেখান থেকে তিনি হুঁশিয়ারি দেন, ‘প্রাথমিক ভাবে চার জন অভিযুক্ত বলে খবর পেয়েছি। সিসিটিভি ফুটেজ থেকে বের করা হবে আর কারা যুক্ত রয়েছেন। একজন তফসিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছেন, আগামী ৪ তারিখ তৃণমূল আরামবাগে জিতুক অথবা হারুক ১২ টার পরে দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি দেখব।...মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোন, ৪ তারিখ আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। এমন জোরে ডিজে বাজবে কান ঝালাপালা করে দেব।’ মিতালির গাড়িতে হামলাকারীদের উদ্দেশে অভিষেক বলেন, ‘এই আক্রমণের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের জীবন আগামী দিনে খুব কঠিন হতে চলেছে, আমি সতর্ক করে গেলাম।...মিতালির উপরে আক্রমণ করে ওরা যখন খেলা শুরু করেছে, আমি ফিনিশ করব।’

    গেরুয়া বাহিনী মিতালির গাড়িতে হামলা করেছে বলে তৃণমূল অভিযোগ করলেও বিজেপির পক্ষ থেকে এই বক্তব্য খারিজ করে দেওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীকোন্দল এই ভোটের সময়েও চলছে। এমন কোন্দল যে ওরা নিজেদের সাংসদ মিতালির গাড়িও ভাঙচুর করে ফেলল! চলে যাওয়ার সময়েও নিজের নেতা–কর্মীদের মারছে, এরাই আবার জ্ঞানের কথা বলছেন।’

    নির্বাচন কমিশনও মিতালির গাড়ির উপরে হামলার ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য মানতে রাজি হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘এটা সাজানো ঘটনা। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। মিতালি বাগ যাঁদের বিরুদ্ধে এফআইআর করেছেন তাঁদের মধ্যে একজন তৃণমূলের কর্মীও রয়েছেন।’ যদিও তৃণমূলের বক্তব্য, এই হামলার ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। ধৃত তিনজন সিন্টু সাঁতরা, সনাতন সাঁতরা এবং রাজকুমার রায় বিজেপির কর্মী। অভিষেক এ দিন আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়ে চিকিৎসাধীন মিতালিকে দেখে আসেন। ফেসবুকে তিনি লেখেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিকে সুরক্ষা দেওয়া যাঁদের কাজ, তাঁরা অন্য দিকে তাকিয়ে রয়েছেন। আরামবাগের মানুষ এই সন্ত্রাস শেষ করবে। আমরা মিতালির সঙ্গে রয়েছি।’

    আরামবাগ লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকা যে ভোটের আগে ক্রমেই উত্তপ্ত হচ্ছে তার ইঙ্গিত এ দিন মিতালির গাড়িতে হামলার আগেই টের পাওয়া গিয়েছিল। গোঘাটের শাওড়া অঞ্চলে সোমবার সকালে তৃণমূল–বিজেপির সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের সাত–আট জন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। গোঘাটের শাওড়া অঞ্চলে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের প্রচার মিছিল চলার সময়ে তৃণমূল হামলা করেছে বলেও গেরুয়া শিবির অভিযোগ করেছে। যদিও শাসকদলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে কটূক্তি, গালাগাল করা হয়। প্রচার গাড়িতে বিজেপি কর্মীরা রড, লাঠি–সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বলেও তৃণমূলের অভিযোগ। গেরুয়া শিবির পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে গোঘাট থানার ওসির অপসারণের দাবি তুলেছে।

  • Link to this news (এই সময়)