• বাংলায় ফের অস্ত্র উদ্ধার
    আজকাল | ২৮ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের বাংলায় ফের অস্ত্র উদ্ধার। ফের সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ। চিৎপুর থানার অন্তর্গত বিটি রোড সংলগ্ন এলাকা থেকে শামীম আলম (‌৪০)‌ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি আগ্নেয়াস্ত্র, কার্তুজ।

    জানা গিয়েছে, সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে চিৎপুর থানা এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বিটি রোড সংলগ্ন এলাকায় পৌঁছেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তির নাম শামিম আলম (৪০)। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ ও ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।

    পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

     
  • Link to this news (আজকাল)