• পাটিয়ালার রেল লাইনে বিস্ফোরণ, অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য
    এই সময় | ২৮ এপ্রিল ২০২৬
  • পাটিয়ালার শম্ভু আম্বালা রেল লাইনের কাছে বিস্ফোরণ। সোমবার রাতের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাটিয়ালার সিনিয়র পুলিশ সুপার বরুণ শর্মা ও উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

    পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ১০টা নাগাদ মালগাড়ির জন্য নির্ধারিত লাইনে বিস্ফোরণ ঘটে। আর তার পরেই ওই লাইনের পাশে ওই ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

    বিস্ফোরণের সঙ্গে এই ব্যক্তির কোনও যোগ রয়েছে, কি না তা খতিয়ে দেখছে পুলিশ। রেলওয়ে পুলিশ ও ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    ওই ঘটনায় রেলওয়ে সুরক্ষা বাহিনী ও রাজ্য পুলিশ যৌথ ভাবে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে ওই রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে স্বাভাবিক হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসেও পাঞ্জাবের সিরহিন্দে রেল লাইনে বিস্ফোরণ ঘটেছিল। সেই সময় একটি ইঞ্জিনের ক্ষতি হয়েছিল এবং ট্রেনের চালক আহত হয়েছিলেন।

  • Link to this news (এই সময়)